
বাংলাদেশে অনুমোদন পেল স্টারলিংক
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংককে নন-জিওস্টেশনারি অরবিট বা এনজিএসও লাইসেন্স প্রদান করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন এই প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক প্রেরিত সুপারিশে আজ সোমবার অনুমোদন দিয়েছেন তিনি।
গত ২৫ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ‘নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর ইন বাংলাদেশ’ শীর্ষক লাইসেন্সিং গাইডলাইন জারি করে। উক্ত গাইডলাইনের আওতায় স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশে নামের প্রতিষ্ঠানটি এনজিওএস লাইসেন্স প্রাপ্তির জন্য প্রযোজ্য ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিটিআরসি বরাবর আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে লাইসেন্স ইস্যুর জন্য গত ২১ এপ্রিল অনুষ্ঠিত ২৯৪তম কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
এনজিএসও লাইসেন্স প্রাপ্তির পর স্টারলিংক এবার বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান শুরু করতে পারবে। উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ মার্কিন এই প্রতিষ্ঠানটিকে দেশের বাজারে ব্যবসা করার অনুমোদন দেয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।
স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেটে নতুন সংযোজন। শ্রীলংকার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে স্টারলিংক।



