
বাইডেন-হ্যারিস টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব (পার্সন অব দ্য ইয়ার) নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এই জুটির জয়কে ঐতিহাসিক ঘটনা বিবেচনা করে এ স্বীকৃতি দিয়েছে টাইম।

মার্কিন চিকিৎসাবিদ ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি আর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এ তালিকায় শীর্ষ অবস্থান অর্জন করেন তারা।
এক বিবৃতিতে ম্যাগাজিনটির এডিটর ইন চিফ এডওয়ার্ড ফেলসেন্থাল বলেন, “যুক্তরাষ্ট্রের ইতিহাসকে বদলে দিতে আর বিভাজনের পরিবর্তে ঐক্য গড়ে তুলতে জো বাইডেন ও কমলা হ্যারিস বিশেষ ভূমিকা রেখেছেন। হতাশার মাঝেও মানুষের মনে নতুন আশা সঞ্চার করেছেন এই দুই ব্যক্তি।”
১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকা করছে টাইম ম্যাগাজিন। মূলত প্রতি বছরই ইতিবাচক কিংবা নেতিবাচক ভূমিকার কারণে বিশেষ ব্যক্তিদের “পার্সন অব দ্য ইয়ার” ঘোষণা করে টাইম ম্যাগাজিন।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই স্বীকৃতি পান। গত বছর টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। ২০১৯ সালে এই তালিকার সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনোদন জগতের সেরা ব্যক্তিত্ব আর অভিভাবকের মতো ভূমিকা রাখার জন্য ‘গার্ডিয়ান অব দ্য ইয়ার’ নামে বিশেষ স্বীকৃতি দেয়া শুরু হয়।
এবছর যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ রোধে বিশেষ ভূমিকা রাখায় গার্ডিয়ান অব দ্য ইয়ারের স্বীকৃতি পেয়েছেন মার্কিন চিকিৎসাবিদ ফাউচি। সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়ার লিব্রোন জেমস। আর বিনোদন জগতের সেরা আকর্ষণের খেতাব পেয়েছে কোরিয়ান পপ সঙ্গিত দল বিটিএস।❐



