
সিলেট বিয়ানীবাজার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন এগিয়ে আসছে। ১০নং মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। ১৭ জানুয়ারি তার সমর্থনে স্থানীয় কাজির বাজারে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়।
এ মতবিনিময় সভায় হুমায়ুন কবিরের নিকট আত্মীয় ও বিগত ইউনিয়ন নির্বাচনে জামাত শিবিরের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান উপজেলা জামাতের দায়িত্বশীল আবুল খয়েরকে তার সঙ্গে মঞ্চে বসতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
বিষয়টি নিয়ে মুড়িয়া ইউনিয়নসহ বিয়ানীবাজার উপজেলায় নানা আলোচনা- সমালোচনা চলছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, হুমায়ুন কবির মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বরত থাকাবস্থায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। এ সময় নির্বাচনে নৌকা প্রত্যাশী হুমায়ুন কবিরের নিজ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মাত্র ৮১টি ভোট নিয়ে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছিল।
২০১৬ সালে ১০ নং মুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হুমায়ুন কবির মনোনয়ন বঞ্চিত হয়ে নৌকার বিপক্ষে এবং জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে। ২০১৯ সালের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান আওয়ামী লীগের প্রার্থী হন। তখনও ১ ও ২ নং কেন্দ্রে নৌকার ভরাডুবি হয়।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মতবিনিময় সভায় স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল সংগঠনের দায়িত্বশীল নেতাকে সঙ্গে নিয়ে বসায় তৃণমূল আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।❐



