
বেনজীরের সম্পদ রক্ষণাবেক্ষণে ফের তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী জীশান মীর্জার নামে ঢাকা, নারায়ণগঞ্জ ও বান্দরবানে থাকা স্থাবর সম্পদ রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।
এসব সম্পদের মধ্যে রয়েছে- বেনজীরের স্ত্রী জীশান মীর্জার নামে আদাবর পিসি কালচার হাউজিংয়ের ছয়টি ফ্ল্যাট, বাড্ডায় রূপায়ন মিলেনিয়াম স্কয়ারে কার পার্কিংসহ দুটি অফিস স্পেস, উত্তরা আবাসিক এলাকায় তিন কাঠার একটি প্লট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাভানা ইকো রিসোর্টের নামে ছয় কাঠার চারটি প্লট এবং বান্দরবান সদরে ২৫ একর জমি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার (২৭ জুন) এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গত ১২ জুন এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত। এর আগে গত ২৩ ও ২৬ মে দুই দফায় বেনজীর, তার স্ত্রী ও তিন মেয়ের নামে থাকা প্রায় ৬১২ বিঘা সম্পত্তি ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ ও বেশ কিছু ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ জুন আদালত থেকে এসব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগের আদেশ আসে।



