
সারাদেশের যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের নিজ নিজ সামরিক সচিব।
এদিকে বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। রাত ১২টা ১মিনিটে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। পরে পর্যায়ক্রমে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপুলিশ কমিশনার মো. শাহাবু্দ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মহানগর আওয়ামী লীগ, পুলিশ সুপার মো. মারুফ হোসেন ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এরপর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।
নওগাঁয় নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. হারুন অর-রশীদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, পৌর মেয়র নাজমুল হক সনি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।❐



