
মারাত্মক কূটনৈতিক টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-তুরস্ক
রূপসী বাংলা ডেস্ক:তুরস্কের বিচারমন্ত্রী আবদুল হামিদ গুল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলুর ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে তুরস্ক।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে নিজেদের বিচার ব্যবস্থা ও আভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে আঙ্কারা। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ দু দেশের মধ্যকার সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তুলবে। দু দেশের মধ্যে চলমান এ অচলাবস্থাকে আধুনিক ইতিহাসে মারাত্মক সংকট বলে মনে করা হচ্ছে।
তুরস্কে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে একজন মার্কিন যাজককে আটকের প্রতিবাদে তুরস্কের ওই দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স ওই যাজক আটকের ঘটনাকে ‘অন্যায়’ বলে অভিহিত করেন। স্যান্ডার্স অভিযোগ করে বলেন, যাজক আটকের ঘটনায় তুরস্কের এ দুই মন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করেছেন।
২০১৬ সালে যাজক অ্যান্ড্রু ব্রানসনকে প্রথম আটক করা হয়েছিল। গত সপ্তাহে ফের তাকে গৃহবন্দী করেছে তুরস্ক সরকার। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দেন।
নিষেধাজ্ঞার আওতায় আমেরিকায় তুরস্কের দুই মন্ত্রীর গচ্ছিত সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের সঙ্গে যে কোনো আর্থিক ও বাণিজ্যিক লেনদেন করার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সূত্র: পার্স টুডে



