
প্রধান খবরবাংলাদেশ
মারা গেলেন লেখক, প্রাবন্ধিক ও গবেষক অনু হোসেন
বাংলা একাডেমির উপ-পরিচালক, প্রাবন্ধিক, গবেষক ড. অনু হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ০১ ফেব্রুয়ারি সকাল ৫টা ২২ মিনিটে রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনু হোসেন মারা যান। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি হাসপাতারে চিকিৎসাধীন ছিলেন।
বাংলা একাডেমির সহ পরিচালক ইমরুল ইউসুফ সংবাদমাদ্যমকে এ খবর নিশ্চিত করে বলেন, সকাল ১০টা নাগাদ বাংলা একাডেমি প্রাঙ্গণে অনু হোসেনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, গত অক্টোবরে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তাকে প্রথমে ভারতের মুম্বাইয়ে নেওয়া হয়। সেখানে ক্যান্সারের চতুর্থ স্টেজ ধরা পড়ায় ডাক্তাররা তাকে কোলকাতা টাটা মেমোরিয়ালে পাঠান। এর পর তাকে সেখান থেকেও ফেরত পাঠানো হয়। কোলকাতা থেকে ফেরত পাঠানোর পর ডেল্টা হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানে শুরু হয় কেমোথেরাপি। সেখানে তিনটি থেরাপি নেওয়ার পর গত বুধবার (৩০ জানুয়ারি) রাতে অস্ত্রোপচার হয়। তারপরই বৃহস্পতিবার সকাল থেকে তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে।
প্রাবন্ধিক হিসেবে সমাদৃত ছিলেন অনু হোসেন। সমসাময়িক, নন্দনতাত্ত্বিক ও চিন্তামূলক প্রবন্ধ রচনার দিকে ছিল তার বিশেষ মনোযোগ। ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলাদেশের কবিতায় লোকসংস্কৃতি (১৯৪৭-১৯৯৬)’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। কলেজ জীবনে নিয়মিত হন লেখালেখিতে। সে সময়ে বেশ কয়েকটি ছোটকাগজও প্রকাশ করেন তিনি। পাশাপাশি শিল্পসাহিত্য নিয়ে জাতীয় দৈনিকের সাহিত্যপাতায় লিখছেন নিয়মিত।
তার প্রকাশিত ১৭টি বইয়ের মধ্যে ‘বাংলাদেশের কবিতা প্রসঙ্গে’, ‘শিল্পের চতুষ্কোণ’, ‘বোধ ও বাতি’, ‘বাংলাদেশের কবিতা লোকসাংস্কৃতিক নন্দনতত্ত্ব’, ‘আবদুল মান্নান সৈয়দ রচনাবলি’ প্রভৃতি উল্লেখযোগ্য। লেখালেখির পাশাপাশি বেশ কয়েকবছর সাংবাদিকতা করেছেন অনু হোসেন। শেষ পর্যন্ত বাংলা একাডেমির সঙ্কলন উপ-বিভাগের উপ-পরিচালকের দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়াও বাংলা একাডেমির ইংলিশ টু বাংলা ডিকশনারির দ্বিতীয় পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণের অন্যতম সম্পাদক ছিলেন তিনি।



