কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার ইসলামাবাদের চরপাড়া রাবার ড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৩)। জান্নাতুল স্থানীয় জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা ঘেরা দিয়ে বন্ধ করা নিয়ে ওই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের (৩৫) সঙ্গে ঝগড়া হয় আজিজুল হকদের। এর জেরে রাতে রাশেদা বেগম ও তার মেয়েকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এতে রাশেদা বেগম ঘটনাস্থলেই মারা যান। জান্নাতুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্বজনদের ভাষ্য, আবুল কালামের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল আজিজুল হকের। এ নিয়ে রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালাম দা দিয়ে কুপিয়ে মা-মেয়েকে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের।
ঘটনার পর থেকে পলাতক কালাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জব্দ করেছে হত্যায় ব্যবহৃত দা।
কক্সবাজার থানার ঈদগাও তদন্ত কেন্দ্রের আইসি পরিদর্শক আব্দুল হালিম মা-মেয়ে নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘাতক আবুল কালামকে ধরতে অভিযান চলছে। এছাড়া নিহত মা-মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।❐



