প্রধান খবরবাংলাদেশ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

রূপসী বাংলা নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ঘোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনও হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাওয়ামুখী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী বরযাত্রী বহরের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশু ও দুই নারীসহ আটজন ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের মধ্যে দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহতদের বেশিরভাগই মাক্রোবাসের যাত্রী।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকশার থেকে বরযাত্রী বহরের সঙ্গে কেরানীগঞ্জের কামরাঙ্গীচর যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে হলে হতাহতের এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকেপড়া হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য। পুলিশ হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension