যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে একইদিনে আলাদা দুটি বন্দুক হামলার ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি নৈশক্লাবে গুলিতে ২ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৪ জন। অন্যদিকে ওহাইয়ো অঙ্গরাজ্যের একটি শপিংমলে গুলিতে ১ জন নিহত হয়েছেন। পরে হামলাকারীকে আটক করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, রোববার (১২ জুন) ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি নৈশক্লাবে সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে এক বন্দুকধারী। এতে হতাহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনার পর পুরো নৈশক্লাবটি ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। হামলাকারীকে আটক না করা পর্যন্ত স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে বন্দুক হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শহরটির মেয়র।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই নৈশক্লাবে এর আগেও বেশ কয়েকবার গুলির ঘটনা ঘটেছে। তবে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি ক্লাব কর্তৃপক্ষ কিংবা পুলিশ। রোববারের ওই ঘটনার পর নৈশক্লাবটি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

একইদিনে ওহাইয়ো অঙ্গরাজ্যে একটি শপিংমলে গুলিতে ১ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তির মধ্যে কোনো একটি বিষয়ে তর্কাতর্কির জেরে তাদের মধ্যে একজন বন্দুক বের করে গুলি চালালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করে হামলাকারীকে।

একদিকে অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে সোচ্চার হচ্ছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ, অন্যদিকে প্রায় প্রতিদিনই ঘটছে বন্দুক সহিংসতার ঘটনা। রোববার যুক্তরাষ্ট্রের দুটি অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনের যৌক্তিকতা প্রমাণ হয়েছে বলে মনে করছে দেশটির সাধারণ মানুষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension