
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন। রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাসত্যোগ করেন তিনি।
সাজেদা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পৃথক বিবৃতিতে তারা সাজেদা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আগামীকাল সকাল ১১ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম সাজেদা চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর তার নির্বাচনী এলাকা নগরকান্দায় হবে দ্বিতীয় নামাজে জানাজা। বাদ আসর রাজধানীর বনানী কবর স্থানে দাফন করা হবে সাজেদা চৌধুরীকে।
এসব তথ্য জানান, সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান।
উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সম্প্রতি সাজেদা চৌধুরীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউ) রাখা হয়েছিল। গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর-২ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



