
‘সৌদি আরবে নারী গৃহশ্রমিক পাঠানো বন্ধ করুন’
রূপসী বাংলা ডেস্ক:এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দেশে ফেরা ২৯ জন নারী শ্রমিকের মধ্যে কেও কথা বলতে রাজি হননি প্রথমে। এর কারণ হিসেবে ভিড়ের মধ্য থেকে একজন জানান, নির্যাতিত হওয়ার কথা জানতে পারলে পরিবারের সদস্যরা ঘরে উঠতে দেবে না। এরপর অনেকটা সমস্বরে অনেকে আর্তনাদ করে উঠেন, সৌদি আরবে নারী গৃহশ্রমিক পাঠানো বন্ধ করুন, দয়া করে।
রবিবার (৩ জুন) রাত ১০টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই নম্বর টার্মিনাল দিয়ে বেরিয়ে আসেন ২৯ জন নারী শ্রমিক। তাদের ভাষ্য, ৯ মাসের মধ্যে সাড়ে চার মাস কেটেছে সফর জেলেই (ডিপোর্ট সেন্টার)। আর সাড়ে চার মাসের মতো সময় কাজ করেছি। কিন্তু কফিল বেতনও দেয় নাই, খালি হাতে ফিরছি।
নাম-পরিচয় গোপন রাখা হবে জানালে তাদের একজন জানান, তাকে খাবার দেওয়া হতো না ঠিকমতো, মাস শেষে তিনি বেতনটাও পাননি। দেশে কথা বলতে চাইলে কফিল তাকে মারধর করতো। এখনও ডিপোর্ট সেন্টারে তার মতো আরও অনেক বাংলাদেশি নারী শ্রমিক রয়েছেন বলেও জানান তিনি। খাইতে দেয় না, বেতন দেয় না। বেতন চাইলে মারধর করে। দেশে কথা বলতে চাইলেও মারে। মালিক পাসপোর্ট রাইখা দিসে। বেতন না দেওয়ায় খালি হাতে আসছি।
একই অভিযোগ করেন অন্য এক গৃহশ্রমিক বলেন, কাজের সন্ধানে পাঁচ মাস আগে সৌদি আরবে গিয়েছিলাম। সংসারে সুদিন ফেরাবো, এই আশা ছিল মনে। কিন্তু কিসের কি, মাঝখান দিয়ে টাকা নষ্ট হলো এতোগুলা, আর বিনিময়ে জুটলো নির্যাতন! মাসে একহাজার রিয়াল বেতন দেওয়ার চুক্তিতে গিয়েছিলেন। কিন্তু সৌদি আরবে গিয়ে জানলেন, বেতন মিলবে ৮০০ রিয়াল। তাও মেনে নিয়েছিলেন। লাঞ্চনা-নির্যাতন সহ্য করে কাজ করেছেন। অথচ, মাস শেষে বেতন না পাওয়ায় খালি হাতে ফিরতে বাধ্য হয়েছেন।
ফিরে আসা নারী শ্রমিকরা আরও জানান, প্রতিদিনই রিয়াদ এবং জেদ্দার সেফ হোমে ২-৩ জন করে নারী গৃহশ্রমিক আশ্রয় নিতে আসেন। এখনও জেদ্দার সেফ হোমে একশ’র মতো নারী আছেন। এর মধ্যে অনেকে আবার মানসিকভাবে বিপর্যস্ত।



