মুক্তিযুদ্ধ

স্বাধীনতার জন্য সব বিসর্জন দেওয়া শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীন

মেয়েটির নাম সেলিনা পারভীন। সাংবাদিক, শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীন।। জন্ম ১৯৩১ সালের ৩১ মার্চ। তাঁর প্রকৃত নাম মনোয়ারা বেগম। ১৯৫৪ সালে তিনি এফিডেভিট করে সেলিনা পারভীন নাম গ্রহণ করেন।

সেলিনা পারভীন ফেনীর সরলা বালিকা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেন। নানা প্রতিকূলতার কারণে পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব হয় নি। ১৯৪২ সালে নিজ গ্রাম ছোট কল্যাণনগরে চলে আসেন। ১৯৪৯ সালে তিনি প্রাইভেট ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেন। কিন্তু কৃতকার্য হতে পারেন নি।

১৯৪৫ সালে কিশোরগঞ্জ জেলার মোহনগঞ্জে থাকার সময় কোলকাতার শিক্ষয়িত্রী উমার সাহচর্য লাভ করেন। তিনি তাঁকে সাহিত্য সাধনায় অনুপ্রাণিত করেন। কবিতা দিয়ে সেলিনা পারভীনের সাহিত্যের পথে যাত্রা শুরু হয়। বিভিন্ন সময়ে নিবন্ধ ও প্রতিবেদন প্রকাশ করতেন। তাঁর লেখা সে সময়ের পত্রিকা পূর্বদেশ, আজাদ, দৈনিক পাকিস্তান, সংবাদ, ইত্তেফাক ও বেগম পত্রিকায় প্রকাশিত হতো।

১৯৫৭ সালে তিনি মিটফোর্ড হাসপাতালে নাসিং প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৫৯ সালে রোকেয়া হলে কিছুকাল মেট্রনের চাকরি করার পরে ১৯৬০-৬১ সালে আজিমপুর বেবিহোমে শিক্ষকতা করেন। ১৯৬৫ সালে সলিমুল্লাহ এতিমখানায় কিছুকাল চাকরি করেন। ১৯৬৬ সালে তিনি সাপ্তাহিক বেগম পত্রিকায় সম্পাদকের সেক্রেটারি হিসেবে যোগ দেন।

১৯৬৭ সালে যোগ দেন সাপ্তাহিক ললনা পত্রিকায়। এ সময় থেকেই নিবন্ধ রচনা ও সাংবাদিকতায় দক্ষতা অর্জন করেন।

১৯৬৯ সালে তাঁর একক প্রচেষ্টায় সম্পাদিত ও প্রকাশিত হয় শিলালিপি পত্রিকা। ছবি আঁকা, সঙ্গীত চর্চা, ব্লক তৈরি এবং ডিজাইনের কাজে নিজেকে যুক্ত রাখতেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর শিলালিপি পত্রিকার প্রচ্ছদ ও বিভিন্ন রচনা পাকসেনাদের এ দেশিয় দোসর রাজাকারদের কাছে গ্রহণযোগ্য ছিল না। সে সময়ে তিনি ঢাকার মুক্তিযোদ্ধাদের সহযোগিতা দিতেন। তাঁর এসব কর্মকান্ড শত্রুর জন্য বিপদজনক ছিল বলেই আল-বদরদের তালিকায় তাঁর নাম উঠে আসে।

শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীন ছিলেন স্বাধীনচেতা এক নারী। পাকিস্তান আমলের একজন নির্ভিক কলম সৈনিক । যিনি জীবনের শেষ দিন পর্যন্ত সাংবাদিকতা করেছেন।

১৯৭১ জাতিকে মেধাশূণ্য করতেই রাজাকার আল-বদর বাহিনী পাক-হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের বেছে বেছে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

আমাদের আজকের এই মূল্যবোধহীনতা, সাম্প্রদায়িকতা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর শূণ্যতা পূরণ হয় নি বলে।

স্বাধীন বাংলাদেশেই আজ কলম চালানো যে কত কঠিন তা চোখে মেললেই দেখতে পাওয়া যায়, তাহলে ভাবতে পারেন কি পরাধীন বাংলার মাটিতে কলম চালানো কতটা কঠিন ছিল। কিন্তু তারপরও কলম চলেছিল অনেকের, তাদের মাঝে একটি কলম চলেছিল সেলিনা পারভীনের হাত ধরে, পরাধীনতার বৃত্ত থেকে স্বাধীনতার আলোর আশা বুকে নিয়ে।

শহীদ সেলিনা পারভীন, সংগৃহীত ছবি

১৯৬৯ সালে বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে সেলিনা পারভীন বের করেন শিলালিপি নামে একটি পত্রিকা ৷ নিজেই এটির সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব পালন করেন। শিলালিপি ছিল সেলিনার নিজের সন্তানের মত ৷ দেশের প্রায় সব বুদ্ধিজীবীদের লেখা নিয়ে প্রকাশিত শিলালিপি সকলেরই নজর কাড়ল।

শিলালিপির বিক্রয়লব্ধ অর্থ দিয়েই তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতেন। শিলালিপির ওপরও নেমে আসে পাকিস্তানি সামরিক বাহিনীর খড়্গ। হাসেম খানের প্রচ্ছদ করা একটি শিলালিপির প্রকাশিতব্য সংখ্যা নিষিদ্ধ করে দেয় পাকিস্তান সরকার৷

শর্ত সাপেক্ষে আবার শিলালিপি প্রকাশের অনুমতি দেয় পাকিস্তান সরকার। ‘৭১ সালের আগষ্ট-সেপ্টেম্বরে তাঁর সম্পাদনায় বের করেন শিলালিপির শেষ সংখ্যা। কিন্তু এর আগের সংখ্যাই স্বাধীনতার সপক্ষের বুদ্ধিজীবীদের লেখা দিয়ে বের করায় আবার পাকিস্তান সরকারের রোষানলে পরেন সেলিনা পারভীন।

শহরে তখন কারফিউ। সেলিনা পারভীন থাকতেন ১১৫ নম্বর নিউ সার্কুলার রোডের বাড়ীতে। থাকত পুত্র সুমন, মা আর তার ভাই জনাব উজির। ১৩ ডিসেম্বর শীতের সকালে সকলে ছিলেন ছাদে। সেলিনা পারভীন সুমনের গায়ে তেল মাখিয়ে দিচ্ছিলেন। সুমন যখন ছাদে খেলাধুলা করছিল তখন সেলিনা পারভীন ছাদে একটা চেয়ার টেনে লিখছিলেন।

এ সময় বাসার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকল কিছু লোক। তাদের সকলের একই রঙের পোশাক। মুখ রুমালে বাঁধা। দরজায় কড়া নাড়ে তারা। সেলিনা পারভীন নিজেই দরজা খুলে দেন।

লোকগুলো তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় এবং এ সময় শহীদ সেলিনা পারভীনের সঙ্গে লোকগুলোর বেশ কিছু কথা হয়। তিনি বলেন, ‘বাইরে তো কারফিউ, আমি কাপড় বদলে নেই।’

তারা বলে, ‘আমাদের সঙ্গে গাড়ি ও পাস আছে।’ সুমন সঙ্গে যেতে চাইলে ভাঙা ভাঙা উর্দুতে বলে, ‘বাচ্চা লোগ নেহি জায়েঙ্গা, আন্দার মে যাও।’

শহীদ সেলিনা পারভীন তাঁর ছেলেকে বলেন, ‘সুমন তুমি মামার সাথে খেয়ে নিও, আমি যাব-আর আসবো।’

এই তাঁর সঙ্গে জীবনের শেষ কথা। মায়েরও, ছেলেরও। তারা সেলিনা পারভিনের চোখ বাঁধে। হাত পিছমোড়া করে হাত বাঁধে। এরপর কোমরে গামছা দিয়ে বেঁধে সেলিনা পারভীনকে নিয়ে যায়।

১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমিতে পাওয়া যায় সেলিনা পারভীনের গুলিতে-বেয়নেটে ক্ষত বিক্ষত মৃতদেহ। কোমরে সেই গামছা, চোখমুখ বাঁধা। খুব শীতকাতুরে ছিলেন সেলিনা। তাঁর পায়ে তখনও পরা ছিল সাদা মোজা। এই মোজা দেখেই তাঁকে শনাক্ত করা হয়।

১৪ ডিসেম্বর আলবদর বাহিনী যে বিপুল সংখ্যক বুদ্ধিজীবীকে রায়েরবাজার বধ্যভূমিতে হত্যা করে। সেলিনা পারভীন তাঁদের একজন। ওই বধ্যভূমিতে চোখবাঁধা অবস্থায় পড়েছিল তাঁর মরদেহ। তাঁকে আজিমপুর কবরস্থানে শহীদদের জন্য সংরক্ষিত স্থানে দাফন করা হয়।

১৯৯১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাকবিভাগ সেলিনা পারভীনের নামে স্মারক ডাকটিকিট প্রকাশ করে।

২০০২ সালে ঢাকা সিটি কর্পোরেশনের এক আদেশবলে রাজধানী ঢাকার মৌচাক মোড় থেকে মগবাজার পর্যন্ত সড়কটির উভয় পাশ শহীদ সাংবাদিক সেলিনা পারভিনের নামে ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক’ নামকরণ করা হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension