
১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর একটি হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে চোখের পরীক্ষা করিয়েছেন। মঙ্গলবার, ২৮ নভেম্বর রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এভাবেই চোখের পরীক্ষা করান তিনি।
চোখ পরীক্ষা করানোর পর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন শেখ হাসিনা। তিনি হাসপাতালে উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজখবর নেন, সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং তিনিও তাদের কাছে দোয়া চান।
হাসপাতাল ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। এছাড়া জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রয়েছে উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম ও মানসম্মত চিকিৎসক। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন চক্ষুসেবা কেন্দ্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের চিকিৎসা এ হাসপাতাল থেকেই করেন।



