
২৪ ঘন্টার মধ্যেই রামমন্দির মামলা নিষ্পত্তি: মুখ্যমন্ত্রী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ফের রামমন্দির ইস্যুকেই তরুপের তাস বানাতে মরিয়া বিজেপি শিবির। আর তা করে বৈতরণী পার হতে চান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তা করতে গিয়ে রামমন্দির মামলায় শীর্ষ আদালতের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যোগীর মন্তব্য, রামমন্দির মামলার যদি দ্রুত সমাধান না হয়, তাহলে শীর্ষ আদালতের প্রতি দেশবাসীর বিশ্বাস থাকবে না। যত তাড়াতাড়ি সম্ভব রামমন্দির মামলার রায় দান করা উচিত শীর্ষ আদালতের।
এখানেই শেষ নয়, রামমন্দির ইস্যুতে যোগীর আরও বক্তব্য, অকারনে এই মামলার রায় দিতে দেরি করছে সুপ্রিম কোর্ট। মানুষ অনেক দিন ধরে এই প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধরে আছে। যত দেরি হবে তত মানুষের ধৈর্য ভাঙবে আর শীর্ষ আদালতের প্রতি বিশ্বাস হারাতে শুরু করবেন দেশবাসী।
একই সঙ্গে এই মামলার নিষ্পত্তি না হওয়ার জন্যে কংগ্রেসকেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী যোগ্য আদিত্যনাথ। তাঁর অভিযোগ, কংগ্রেসই রামমন্দির মামলার নিষ্পত্তি হতে দিচ্ছে না। রাম মন্দির ইস্যু মিটে গেলে রাজনীতি করার কোনও ইস্যুই থাকবে না তাঁদের হাতে। সেকারণেই অযোধ্যা রামমন্দির নির্মাণের ইস্যু বাঁচিয়ে রাখতে চায় কংগ্রেস।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে রামমন্দির ইস্যুতে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও রাম মন্দির না হওয়ার জন্যে কংগ্রেসকে দায়ী করেন। তিনি সরাসরি অভিযোগ করে বলেন যে, রামমন্দির মামলা নিস্পতি না হওয়ার জন্যে একমাত্র দায়ী কংগ্রেসই। এবার একই ভাবে মোদীর সঙ্গেই সুর মেলালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অন্যদিকে কার্যত হুঁশিয়ারির সুরে যোগী বলেন, যদি শীর্ষ আদালত দ্রুত রায় দান করতে না পারেন তাহলে আমাদের হাতে সেই মামলা তুলে দিন ২৪ ঘণ্টার মধ্যে তার নিষ্পত্তি হয়ে যাবে। একঘণ্টাও বেশি সময় লাগবে না।



