পরিবেশপ্রধান খবরবাংলাদেশ

৮ বিভাগেই তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

দেশের আট বিভাগের ওপর দিয়ে গতকাল বৃহস্পতিবারও (১৬ মে) বয়ে গেছে তাপপ্রবাহ। পাবনার ঈশ্বরদিতে রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা সাড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী রবিবার পর্যন্ত চলমান তাপপ্রবাহ দেশের উত্তর-পূর্বাঞ্চল ছাড়া অন্য সব জায়গায় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রাম জেলা ও কুতুবদিয়া ছাড়া আবহাওয়ার ৪৪ স্টেশনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর মোংলায় রেকর্ড করা হয় সামান্য পরিমাণ বৃষ্টি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তরপূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension