
পদ্মা-মেঘনায় পরিবেশ আগের মতো না থাকায় ইলিশ কম পাওয়া যাচ্ছে: দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, চাঁদপুরের পদ্মা-মেঘনায় আগের মতো বিচরণের পরিবেশ না থাকায় ইলিশ কিছুটা কম পাওয়া যাচ্ছে। এছাড়া নদীতে নাব্যতা কমে যাওয়া, চর জেগে উঠা এবং পানিতে দূষণ বেড়ে যাওয়ার মতো কারণ রয়েছে। জাতীয় এই সম্পদ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হব।
আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চতুরঙ্গের আয়োজনে ১৫তম ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ইলিশ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মৎস্য গবেষকরা নানাভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জাটকা রক্ষার সময় মার্চ-এপ্রিল দুই মাস এবং মা ইলিশের প্রজননের সময় ২২ দিন প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ খুবই গুরুত্ব দিয়ে তা বাস্তবায়ন করে। এই সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলিশ উৎসবের চেয়ারম্যান বিণয় ভূষণ মজুমদার। চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা অনুপম বিশ্বাস, উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত ও মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান।



