
ইকবাল খান
পরীদের আমার ভীষণ পছন্দ।
যদি পারি, পরীদের রাজ্যে উড়ে যাব ডানা মেলে,
কোনো পরী দয়ার্দ্র হয়ে সঙ্গে নিয়ে যায়,
কোনো ভাবনা ছাড়াই চলে যাব তার সাথে।
সেখানে হয়তো রাজ্যের সংঘাত নেই,
দ্বন্দ্ব-কোলাহল নেই,
সবাই ফুলের রাজ্যে মিলেমিশে থাকে।
প্রজাপতিরা সেখানে রঙের চিঠি লিখে,
হিমকণা-মাখা ঘাসে জোনাকিরা জ্বেলে রাখে সোনালি প্রদীপ,
নদীর জলে ভাসে জোছনার কোমল আলো,
কাশফুলের মেঘ দুলে ওঠে সবুজ দিগন্তে।
হাওয়ায় হাওয়ায় বাজে অচেনা সুর,
গোলাপের কোলে ঝরে রুপালি ভোরের শিশির।
সেই সুরে হারিয়ে যাব আমি,
প্রিয় পরীটির দেখাও হয়তো পেয়ে যেতে পারি,
ফুলের পাপড়ির আড়ালে সে হয়তো হাসবে চুপিচুপি,
আর তার হাসিতে ফুটবে হাজার রঙের বসন্ত।



