
সারমিন চৌধুরী
নাম ধরে কেউ ডাকেনি কাছে
রাখেনি কেউ হাতে হাত বিশ্বাসের,
আরাধনার ঠোঁট ছুঁয়ে নুয়ে পড়ে শব্দরা
নিরাশার বাদলে ডুবে যেতে চাই স্বপ্নগুলো।
যে নিবিড় মায়ায় বুনেছি বুকে এক অবয়ব
যেখানে নক্ষত্র খিলখিল করে হাসে পূর্ণিমায়
মিষ্টি ঘ্রাণে বিমোহিত করে হাসনাহেনা ফুল!
শুকপাখীর ডাকে হৃদয়ে নামে শীতলতা-
বুকের মাঝে এক অন্যরকম পৃথিবী গড়।
চোখের পরে কেউ রাখেনি কভু চোখ-
পাড়ি দিয়ে আসেনি কেউ সহস্র মাইল
কারও পদধ্বনিতে বাড়েনি হৃদয়ের ধুকধুকী
অন্তরের নোনা স্রোতে মুছে গেছে বাসনা;
যেখানে ঝরত অপেক্ষার কাঁচা সোনা রোদ
স্নিগ্ধ ভোরে উঠতো চায়ের পেয়ালায় ধোঁয়া;
ছিলো মনের সবুজ অরণ্যে ফসলের ঘুম
সেই পৃথিবী আজ শূন্যতায় মূর্ছাতুর।



