
তুহীন বিশ্বাস
কবি’র বাজার আজকাল বড্ড বেসামাল
তেলবাজ আর চাটুকারে সয়লাব আড়ৎ,
মহাজন বিক্রি হয়ে যায় খুচরো পয়সায়
চূড়ান্ত ভোক্তা প্রতারিত শিক্ষা সংস্কৃতিতে।
এখন আর কবিতা মানুষের কথা বলে না
মাকালের চরিত্রের প্রতিচ্ছবি গ্রন্থমেলায়,
রঙের দুনিয়ায় ঢঙের সঙ দেখে অতিষ্ট সাধু
দূরে দাঁড়িয়ে থাকে মেকি হাসে জ্ঞানভাণ্ডার।
আলস্যের দুপুরে একাডেমির চেয়ার ফাঁকা
অভিধান দখল করে বসে আছে ছারপোকা,
গল্প কিংবা প্রবন্ধ সব হারিয়ে ফেলেছে সতীত্ব
সিদ্ধান্তগুলো সম্পর্কে, বিধানের নেই অস্তিত্ব।



