
সাঈদুর রহমান লিটন
পাখি উড়ে যায় সুনীল আকাশে,
কংক্রিটের বাউন্ডারির কঠিন বাঁধনহীন,
তার স্বপ্ন সরলরেখার মতো, অবিরাম চলমান।
মালতী, ঠাকুরবাড়ির বউ,
পাখির স্বপ্নের বিপরীত কোনো মানুষ নয়,
কর্দমাক্ত জীবনের পথে
বারবার হোঁচট খাওয়া সুখ।
বাড়ির প্রাচীরে আঁকা অদৃশ্য রেখাংশ,
সেই সীমার ভেতরেই তাকে
স্বপ্নের নকশা এঁকে যেতে হয়।
জানালার গ্রিল,
উঠোনের মোটাসোটা আমগাছ,
আর দীর্ঘ বিকেলের নিঃসঙ্গতা—
এসবের সঙ্গেই কেটে যায় অস্থির সময়।
দুটি ডানা থাকলেও উড়তে নেই অনুমতি,
আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা থাকে শুধু চোখে।
কেবল দূর আকাশে
পাখির উড়ে যাওয়ার ডানা-ঝাপটার শব্দ
নেমে আসে কানে,
আর তার ভেতরে জেগে থাকে
এক সীমাবদ্ধ দুঃস্বপ্ন।



