
ইরানের সাথে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকিতে ফেলেছে: বারাক ওবামা
ইরানের বিরুদ্ধে যুদ্ধ কারণে যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার দাবি, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র ও সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে, প্রাণ হারিয়েছেন মার্কিন নাগরিকেরা এবং ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে। এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাঝুঁকি বেড়েছে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এসব কথা বলেন ওবামা। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার উপকণ্ঠে মোরো এলাকায় এক সমাবেশে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তির সমালোচনা করেন।
ওবামা বলেন, ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র ছিলো না। তার প্রশাসনের সময় ২০১৫ সালে তেহরানের সাথে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির মাধ্যমে দেশটির পরমাণু কর্মসূচি সীমিত করা হয়েছিলো।
নিজের কূটনৈতিক উদ্যোগের কথা তুলে ধরে ওবামা বলেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি। আমি কূটনীতির পথ বেছে নিয়েছিলাম।’
যুদ্ধের ক্ষয়ক্ষতি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের মিত্র ও সামরিক ঘাঁটিগুলোতে হামলা হয়েছে। মার্কিন নাগরিকেরা নিহত হয়েছেন। শত শত মার্কিন নাগরিক আহত হয়েছেন। আমাদের ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে, যা আমাদের আরও ঝুঁকির মুখে ফেলেছে। আর এখন হরমুজ প্রণালির ওপর ইরান কার্যত ভেটো দেওয়ার ক্ষমতা অর্জন করেছে।’
ওবামার মতে, যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। তিনি বলেন, ‘এ কারণেই তেলের দাম বেড়েছে।’
তথ্যসূত্র: আল জাজিরা



