
ফেডারেল SNAP কাটছাঁটের মধ্যেও স্কুলে বিনা মূল্যে খাবার দেবে নিউইয়র্ক
হচুলের ঘোষণা: রাজ্য বাজেটে ৩৯৫ মিলিয়ন ডলার বরাদ্দ, প্রতিদিন উপকৃত হবে প্রায় ২৫ লাখ শিক্ষার্থী
হোসনেআরা চৌধুরী
ফেডারেল সরকারের খাদ্য সহায়তা কর্মসূচিতে কাটছাঁটের প্রভাব দেশজুড়ে ছড়িয়ে পড়লেও নিউইয়র্ক অঙ্গরাজ্যে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্কুলের সকালের নাশতা ও দুপুরের খাবার কর্মসূচি পুরোপুরি চালু রাখার ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হচুল।
সোমবার (২৬ অক্টোবর) গভর্নর জানান, রাজ্যের ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সর্বজনীন বিনা মূল্যে স্কুলের খাবার কর্মসূচির জন্য ৩৯৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এই বরাদ্দ ৫৫ মিলিয়ন ডলার বেশি।
রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, নিউইয়র্কে প্রতিদিন স্কুলগুলোতে প্রায় ২৫ লাখ বিনা মূল্যের খাবার পরিবেশন করা হচ্ছে। চলতি শিক্ষাবর্ষের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত শিক্ষার্থীদের প্রায় ৭৫ মিলিয়ন খাবার দেওয়া হয়েছে। এ কর্মসূচির ফলে একটি পরিবারের প্রতিটি শিশুপ্রতি বছরে মুদিখানার খরচে সর্বোচ্চ ১ হাজার ৬০০ ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারে।
রাজ্যের সর্বজনীন স্কুল মিল কর্মসূচির আওতায় জাতীয় স্কুল ব্রেকফাস্ট ও লাঞ্চ কর্মসূচিতে অংশগ্রহণকারী স্কুল ডিস্ট্রিক্ট, চার্টার স্কুল এবং বেসরকারি স্কুলের সব শিক্ষার্থী পারিবারিক আয় নির্বিশেষে বিনা মূল্যে সকালের নাশতা ও দুপুরের খাবার পাবে।
ফেডারেল সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি—সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (SNAP)—এ পরিবর্তনের কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুলে বিনা মূল্যে খাবার গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। SNAP ও মেডিকেইডের আওতায় থাকা পরিবারের শিশুদের অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে বিনা মূল্যে স্কুলের খাবারের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়। এসব কর্মসূচিতে অংশগ্রহণ কমে গেলে স্কুলের খাবার কর্মসূচির জন্য ফেডারেল অর্থায়নও ক্ষতিগ্রস্ত হতে পারে।
নিউইয়র্কের কর্মকর্তারা বলছেন, রাজ্যের অতিরিক্ত অর্থায়নের ফলে ফেডারেল খাদ্য সহায়তা কমলেও স্কুলগুলো বিনা মূল্যে খাবার সরবরাহের জন্য কম অর্থ পাবে না এবং কোনো শিক্ষার্থী এ সুবিধা হারাবে না—এটাই রাজ্য সরকারের লক্ষ্য।
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জেসিকা গনজালেজ-রোহাসও সর্বজনীন স্কুল মিল কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁর মতে, কোনো শিশুর ক্ষুধার্ত থাকা উচিত নয় এবং পরিবারের খাবারের খরচ জোগাতে হিমশিম খাওয়ার কথা নয়। শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা তাদের শিক্ষা, বিকাশ ও সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, SNAP বা মেডিকেইড সুবিধাভোগী পরিবারের শিশুরা সরাসরি বিনা মূল্যে স্কুলের খাবারের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে। এসব কর্মসূচিতে অন্তর্ভুক্ত নয়—এমন পরিবারও স্কুলের খাবারের সুবিধার জন্য আবেদন করতে পারে।
যোগ্যতা ও আবেদনসংক্রান্ত তথ্য পাওয়া যাবে নিউইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের চাইল্ড নিউট্রিশন ওয়েবসাইটে।



