
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ।
দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তারা ৩০০ আসনেই ভোট করার প্রস্তুতি নিয়ে রাখছেন। যদি তারা মনে করেন জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাহলেই ভোটে আসবেন। আর ভোটে অংশ নেওয়া বা না নেওয়ার এই সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই নেওয়া হবে।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণার পর বুধবার রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠান রওশন এরশাদ।
এতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার দায়িত্ব নির্বাচন কমিশনের জানিয়ে তিনি আশা করেন, কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে।



