
রেমিট্যান্স কমেছে ৫ কোটি ডলার
ডলারের বাড়তি দাম দিয়ে, প্রণোদনা বাড়িয়েও গতি ফেরেনি প্রবাসী আয়ে। চলতি বছরের বিদায়ী নভেম্বর মাসে আগের মাস অক্টোবরের তুলনায় প্রবাসী আয় বা রেমিট্যান্স কম এসেছে ৫ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে ১৯৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা। আগের মাস অক্টোবরে পাঠিয়েছেন ১৯৮ কোটি ডলার। সেই হিসেবে নভেম্বরে ৫ কোটি ডলার রেমিট্যান্স কম পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
অবশ্য চলতি বছরের নভেম্বরের প্রবাসী আয় আগের বছরের নভেম্বরের তুলনায় কিছুটা বেড়েছে। গত বছর নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬০ কোটি ডলার। এতে দেখা যাচ্ছে, গত বছরের নভেম্বরের তুলনায় এবার নভেম্বরের রেমিট্যান্স ২১ শতাংশ বেশি এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে ১৩৩ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল । তার আগে জুলাই ও আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ১৯৭ কোটি ও ১৫৯ কোটি ডলার।
বিশ্লেষকরা বলছেন, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে সঙ্কট দেখা দেওয়ায় রেমিট্যান্সে নজর দেওয়া হয়েছিল। রেমিট্যান্স যাতে বাড়ে, সেজন্য প্রণোদনা বাড়ানো হয়েছে। পাশাপাশি রেমিট্যান্স কেনার ক্ষেত্রে ডলারপ্রতি ১২৩ টাকা পর্যন্ত দাম দিয়েছে ব্যাংকগুলো। এত উঁচু দামে ডলার কিনে নেওয়াতেই প্রবাসী আয় আরও খানিকটা বেড়েছে।
সংশ্লিষ্ঠরা বলছেন, এবিবি ও বাফেদা প্রবাসী আয়ে ডলারের দর নির্ধারণ করে দিয়েছিল ১০৯ টাকা ৭৫ পয়সা। তবে সঙ্কট কাটাতে ১২৩ টাকা পর্যন্ত দামে রেমিট্যান্স কিনছে বেশির ভাগ ব্যাংক।
ব্যাংকিং চ্যানেলে নভেম্বরের প্রথম ১০ দিনে মোট ৭৯ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স আসে। যা দৈনিকভিত্তিতে ৭ কোটি ৯৪ লাখ ডলারে দাঁড়ায়। অন্যদিকে শেষের ২০ দিনে ১১৪ কোটি ডলার এসেছে, দিনে তা ৫ কোটি ৬৯ লাখ ডলারে দাঁড়ায়।
সরকারের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিলেও আশানুরুপ রেমিট্যান্স আসছে না। যে কারণে কেন্দ্রীয় ব্যাংককে প্রচুর ডলার বিক্রি করতে হচ্ছে অন্য ব্যাংকগুলোর কাছে। এতে দেশের রিজার্ভ কমে ১৯.৪০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অথচ ২০২১ সালের আগস্ট মাসেও ৪৮ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ ছিল।



