
অর্থনীতি ও বাণিজ্যযুক্তরাষ্ট্র
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চাপে রিপাবলিকানরা
মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি
হোসনেআরা চৌধুরী :
যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে দেশটিতে গ্যাসোলিনের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ ডলার ১৭ সেন্টে। সংঘাত শুরুর আগে এই দাম ছিল ২ ডলার ৯৮ সেন্ট। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
এদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও ব্যাপকভাবে বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম যুদ্ধের আগে ব্যারেলপ্রতি ৭২ ডলার ৪৮ সেন্ট থাকলেও একপর্যায়ে তা ১২৬ ডলার ছাড়িয়ে যায়। গত ৩০ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দাম ছিল ১১৩ ডলার ৪৩ সেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের ওপরও।
পিউ রিসার্চ সেন্টারের ৩০ অক্টোবর প্রকাশিত এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৪ শতাংশ মানুষ গ্যাসোলিন ও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গত জুলাইয়ে এ হার ছিল ৬০ শতাংশ এবং জানুয়ারিতে ৪৩ শতাংশ।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা স্বাভাবিক না হলে জ্বালানির দাম আরও অস্থির থাকতে পারে।
বিশ্লেষকদের ধারণা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে জ্বালানির উচ্চমূল্য যুক্ত হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়তে পারে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের অর্থনৈতিক উদ্বেগ রিপাবলিকান প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।
তবে নির্বাচনে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে আগামী দিনে তেলের বাজার, অর্থনৈতিক পরিস্থিতি এবং ভোটারদের মনোভাবের ওপর।



