নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

আইসের বিরুদ্ধে মামলা করবেন মেয়র মামদানি

নিউইয়র্কের সরকারি পার্কিং লট অভিবাসন অভিযানে ব্যবহারের অভিযোগ

হোসনেআরা চৌধুরী :
নিউইয়র্ক সিটির মালিকানাধীন পার্কিং লট অভিবাসন অভিযান পরিচালনার কাজে ব্যবহার বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (ICE) বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র জোহরান মামদানি।

সোমবার (২ নভেম্বর) মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) ও আইসের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি অভিযোগ করেন, আইসের কর্মকর্তারা সিটির অনুমতি ছাড়াই ব্রঙ্কস ও কুইন্সের কয়েকটি সরকারি পার্কিং লটকে অভিযান পরিচালনার প্রস্তুতি ও বৈঠকের স্থান হিসেবে ব্যবহার করছেন।

মেয়র দপ্তরের তথ্যমতে, ব্রঙ্কসের ভ্যান কর্টল্যান্ড পার্ক এবং কুইন্সের ফ্লাশিং মেডোজ করোনা পার্কসংলগ্ন ১১১ স্ট্রিটের পার্কিং লটে আইস কর্মকর্তাদের যানবাহন রাখা ও বৈঠক করার খবর পাওয়া গেছে। কুইন্সের ওই পার্কিং লটের পাশেই রয়েছে সিটি পরিচালিত একটি প্রি-স্কুল এবং কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

মামদানি বলেন, সিটির অনুমতি ছাড়া সরকারি সম্পত্তি অভিবাসন অভিযান পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে নিউইয়র্ক সিটি আইনি পদক্ষেপ নেবে।

এদিকে, আইসের অননুমোদিত প্রবেশ ঠেকাতে পার্ক বিভাগের কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সিটি প্রশাসন। এতে বিচারিক পরোয়ানা ছাড়া পার্কের অ-সর্বসাধারণের প্রবেশযোগ্য এলাকায় ফেডারেল কর্মকর্তাদের প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি সিটির আইনজীবীদের অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) দাবি করেছে, জনসাধারণের জন্য উন্মুক্ত পার্কিং লটে আইসের উপস্থিতি ফেডারেল আইনে অনুমোদিত এবং এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রচলিত কার্যক্রমের অংশ।

মেয়রের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও। ফলে অভিবাসন নীতি ও সরকারি সম্পত্তির ব্যবহার নিয়ে সিটি প্রশাসন এবং ফেডারেল সরকারের মধ্যে বিরোধ নতুন মাত্রা পেয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension