বাংলাদেশরাজনীতি

নৌকায় ভোট না দিলে হাত কেটে নেয়ার হুমকি

মানিকগঞ্জ-২ আসনে নৌকায় ভোট না দিলে হাত কেটে নেওয়াসহ গুলি করার হুমকি প্রদান করেছেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইতরা গ্রামে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কর্মীরা প্রচারণা চালানোর সময় এই হুমকি দেন ওই আওয়ামী লীগ নেতা। এ নিয়ে একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কর্মী রাহুল খান ইমু জানান, বিকেল ৪টার দিকে আব্দুর রাজ্জাক, মিনহাজ, আমিনুর, শাহিনুর, মানিকসহ বেশ কয়েকজন কর্মী ইরতা এলাকায় ছোট পোস্টার (হ্যান্ডবিল) বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে ট্রাক মার্কায় প্রচারণা ও ভোট প্রার্থনা করছিলেন।

এ সময় সেখানে একটি প্রাইভেট কার নিয়ে উপস্থিত হন আলী ইস্কান্দার। তিনি স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হাত কেটে নেওয়াসহ নানা হুমকি-ধমকি দেন। সঙ্গে থাকা একজন এই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আলী ইস্কান্দার উচ্চস্বরে বলেন, ‘ডা. জিলকদ নমিনেশন নিয়া আসছিল।

জিলকদ ভাইকে ভোট দেয় নাই। এবার আমার দেখার আছে। আমি তো ভেতরে থাকব। নৌকাকে ভোট না দেয়। হাত কাইটা (কেটে) ফালামু (ফেলব)।’



তিনি আরো বলেন, ‘আমি ইস্কান্দার। জিলকদের ভাই আমি। জিলকদকে ভোট দেয় নাই। এখানে ঘা।

হাত কাইটা ফালামু। রেডি থাইকো। সাহস থাকে পাল্লা লইবা আমার লগে। কে আছে আমার এগিনেস্টে যাবে? লজ্জা করে না তোমাদের? দেখার আছে আমার। খোদার কসম, দেখার আছে এইবার। চৌদ্দ শিকে ঢুকাইয়া ছাইরা দিমু। সরকার আমার, পাওয়ার আমার, প্রশাসন আমার, এমপি আমার। যাইও ভোট দেবার, যাইও ট্রাক মার্কায়। ট্রাকের চাকার তলে (নিচে) ফালাই দিমু। ফাজলামো। হাড্ডি মাংস এক কইরা ফালামু। প্রত্যেকটাকে গুলি করব।’

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলী ইস্কান্দার বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা টাকা ও চকলেট বিতরণ করছে―এমন খবর পেয়ে আমি সেখানে যাই। আমার ভাই ডা. জিলকদ একসময় নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন; কিন্তু তারা ভোট দেয়নি। এ কারণে মনে অনেক কষ্ট। উত্তেজিত হয়ে তাদের অনেক কথা বলেছি। আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension