যুক্তরাষ্ট্র

পুতিনকে ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে গালি দিলেন বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় প্রচারণার জন্য একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরে এক সমাবেশে জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য রাখেন জো বাইডেন।

বক্তব্যে বাইডেন বলেন, ‘মানুষের সর্বশেষ অস্তিত্বের হুমকি হলো জলবায়ু। তবে আমাদের পুতিনের মতো পাগলা কুত্তার বাচ্চাদের কারণে সারাক্ষণ পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে। অথচ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হলো জলবায়ু।’

হোয়াইট হাউস ও নির্বাচনী প্রচারণায় পুতিনের বিরুদ্ধে বাইডেনের মৌখিক আক্রমণ দিনদিন তীব্রতর হয়ে উঠছে। গত শুক্রবার বাইডেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর দায় সরাসরি পুতিন ও ‘তাঁর গুন্ডাদের’ ওপর চাপিয়ে দিয়ে বলেন, এটি রুশ প্রেসিডেন্টের ‘নৃশংসতার প্রমাণ’।

গত শুক্রবার রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে সাজা ভোগ করার সময় কারাগারের একটি কলোনিতে ৪৭ বছর বয়সী নাভালনির মৃত্যু হয়।

রুশ কারা কর্মকর্তারা নাভালনির মৃত্যুর কথা ঘোষণা করার পরই হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘আমরা জানি না ঠিক কী ঘটেছিল, তবে এতে কোনো সন্দেহ নেই যে নাভালনির মৃত্যু পুতিন ও তাঁর গুন্ডাদের কারণে হয়েছে।’

তবে নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে ক্রেমলিন বলে, পুতিনকে দায়ী করে পশ্চিমা দাবি গ্রহণযোগ্য নয়।

বাইডেনের এমন ধরনের শব্দের ব্যবহার এ প্রথম নয়। ২০২২ সালের জানুয়ারিতে সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক প্রেসিডেন্টের কাছে মুদ্রাস্ফীতি নিয়ে জানতে চাওয়ায় তিনি তাকে ‘বোকা কুত্তার বাচ্চা’ বলে সম্বোধন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension