
ভারতে আইএনডিএল নেতাকে গুলি করে হত্যা
ভারতের হরিয়ানায় ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনডিএল) নেতা, সাবেক এমএলএ নাফে সিং রাথিকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার গাড়িতে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে গাড়িতে তিনিসহ তার আরেকজন সফরসঙ্গী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন। খবর এনডিটিভি ও এই সময়।
পুলিশ সূত্রে জানা যায়, বন্দুকধারীরা একটি গাড়িতে করে এসে নাফে সিং রাথিকে বহনকারী গাড়িতে গুলি ছোঁড়া শুরু করে। প্রায় ২০ রাউন্ড গুলি ছুড়ে তারা পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে পথচারীরা দ্রুত নিকটবর্তী ব্রাহ্ম শক্তি সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর সাবেক এমএলএকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে হত্যায় ব্যবহৃত গাড়িটির সন্ধান করছে।
নাফে সিং বাহাদুরগড়ের এমএলএ ছিলেন। সেখানেই তাকে হত্যা করা হলো। গ্যাংস্টার লরেন্স বিসন এবং তার কাছের লোক কালা জাথেদিকে এই হত্যাকাণ্ডের জন্য সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্পতির দ্বন্দ্ব নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নাফে সিং হরিয়ানার রাজনৈতিক অঙ্গনে পরিচিত ব্যক্তি ছিলেন। তিনি দুইবার রাজ্যটির আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।



