বাংলাদেশবিনোদন

রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ মারা গেছেন

কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ। তিনি মানবজমিনকে জানান, সারাদিন ভালোই ছিলেন তিনি। তানপুরা নিয়ে সংগীত চর্চা করেছেন। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ দেখেন অনেকক্ষণ ঘরের দরজা বন্ধ। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে তার মৃত্যু কীভাবে হয়েছে, তা জানা যায়নি।

মৃত্যুর কারণ জানতে চাইলে নৃত্যশিল্পী ও শিল্পীর পারিবারিক বন্ধু শামীম আরা নীপা বলেন, ‘সাদি মহম্মদের মা মারা যাওয়ার পর থেকেই তিনি একটা ট্রমার মধ্যে চলে যান। মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না। মা হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি। বুধবার রোজা রাখলেন। ইফতারও করলেন। এরপরই তিনি নীরবে না ফেরার দেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছি।’

সাদি মহম্মদ রবীন্দ্রসংগীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একজন শিল্পী ও সুরকার। অসংখ্য রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ হয়েছে তার কণ্ঠে। সঙ্গে আধুনিক গানও। এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমী থেকে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার।

১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি তার বাবা সলিমউল্লাহকে হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদি মহম্মদের ভাই শিবলী মহম্মদ বাংলাদেশের একজন কিংবদন্তি নৃত্যশিল্পী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension