
মোদীকে ‘জন্তু’ বলে বিতর্কে মমতার দলের বিধায়ক
রূপসী বাংলা ডেস্ক:রাজনীতির আঙিনায় ফের কুকথার স্রোত৷ এবার তালিকায় যুক্ত হল আরও একজন তৃণমূল কংগ্রেস নেতার নাম৷
তিনি অর্জুন সিং৷ ভাটপাড়ার বিধায়ক৷ বুধবার হালিশহরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপিকে আক্রমণ করতে বলে কুকথা বলে ফেলেছেন৷
এদিন হালিশহর পুরসভার লোকসংস্কৃতি ভবনে ছিল পশ্চিমবঙ্গ পুর কর্মচারী ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন ও রক্তদান শিবির ছিল৷ ওই সম্মেলনে তিনি বক্তব্য রাখতে গিয়ে সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ আর তখনই বেফাঁস মন্তব্যটি করে বসেন৷
কী বলেছেন তিনি? অর্জুন সিংয়ের বক্তব্য, ‘‘মোদী নামে যে জন্তু প্রধানমন্ত্রী আছেন, তিনি দেশকে বিদেশের হাতে বন্ধক রেখে দিয়েছেন৷’’ আর এখানেই তৈরি হয়েছে৷ প্রধানমন্ত্রীকে কেন তিনি ‘জন্তু’ বললেন, তা নিয়েই শুরু হয়েছে সমালোচনা৷ সরব হয়েছে রাজনৈতিক মহল৷
তবে কেন তিনি এমন বললেন, তার ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি অর্জুন সিংয়ের কাছ থেকে৷ যদিও এর পর তিনি প্রধানমন্ত্রী ও বিজেপিকে নানা ইস্যুতে কার্যত তুলোধনা করেছেন৷ কিন্তু সেখানে কোনও বেফাঁস মন্তব্য করেননি৷
বরং নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘ব্যবসায়ী মানুষ তাই ব্যবসাটা ভালো বোঝেন উনি। দেখুন দেশের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অস্ত্র কারখানাগুলোর কী অবস্থা করেছে এখন৷ রেলকে কোথায় পৌঁছে দিয়েছেন তিনি । ফলে মোদীর বিদায় নিশ্চিত।’’
এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভানেত্রী দোলা সেন৷ তিনিও বিজেপির সমালোচনা করেছেন৷ দেশের মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখছেন বলে মত প্রকাশ করেন তিনি৷
একই কথা শোনা গিয়েছে অর্জুন সিংয়ের মুখেও৷ তিনি বলেছেন, ‘‘দেশের মানুষ মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বকে মানতে রাজি আছেন৷ আগামিদিনে প্রধানমন্ত্রী হিসাবে তাঁকে দেখা যাবে। ২০১৯ এ বিজেপি ফিনিশ৷’’



