প্রধান খবরবাংলাদেশ

রাঙামাটিতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ

সহিংসতার ঘটনায় অপটিক্যাল ফাইবারের ক্যাবল আগুনে পুড়ে যাওয়ায় আজ শুক্রবার সকাল থেকে রাঙামাটি শহরে বন্ধ রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যক্রম। ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকলেও বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক থাকায় গ্রাহকরা আপাতত মোবাইল ফোন কোম্পানিগুলোর নেটওয়ার্কে তাদের কার্যক্রম চালাচ্ছেন।

ইন্টারনেট ব্যবহারকারী মো. সাহাবুদ্দিন বলেন, ‘ওয়াইফাইয়ের ওপর ভিত্তি করে পরিবারের সবাই ইন্টারনেট চালায়। নেট বন্ধ থাকায় শহরে কী হচ্ছে কিছুই জানতে পারছি না।’

ইয়েস নেটের পরিচালক মো. শাহীন বলেন, ‘সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ফাইবার অপটিকের ক্যাবল পুড়ে যায় এবং ইন্টারনেট সেবা ব্যাহত হয়। নেট দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে।’

সহিংস পরিস্থিতি এড়াতে দুপুর একটা থেকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাভিত্তিক পাহাড়া বসিয়ে নিজেদের সতর্ক ও নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

রাঙামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জানিয়েছেন, ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension