যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা সহায়তা বন্ধ করতে চেয়েছিলেন প্রভাবশালী মার্কিন কর্মকর্তা

সংকটে জর্জরিত লেবানন ও বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্রহীন জনগোষ্ঠী রোহিঙ্গাদের জন্য সহায়তা ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রশাসনের এক প্রভাবশালী কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডি গুটিয়ে আনার কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ওই কর্মকর্তার ইমেইলটির সত্যতা যাচাই করে নিশ্চিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১৬ ফেব্রুয়ারি লেখা একই ইমেইলে ইউএসএআইডির ভারপ্রাপ্ত উপপ্রশাসক পিটার মারক্কো মার্কিন সাহায্যের জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও লেবাননের কাছ থেকে কৃতজ্ঞতার প্রকাশও দেখতে চেয়েছিলেন বলে মনে হচ্ছে।

মারক্কো ওই ইমেইলে ইউএসএআইডির মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক ব্যুরোর প্রধান টিম মেইজবার্গারকে একটি ‘অ্যাকশন মেমোর’ খসড়া করতে বলেছিলেন, যার মাধ্যমে মিয়ানমার থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও লেবাননের মার্কিন সাহায্যের ওপর ‘অস্বাভাবিক নির্ভরতার’ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নজর কাড়া যায়।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মারক্কোর এই ইমেইলের সত্যতা এবং ইউএসএআইডির এ কর্মকর্তা যে রোহিঙ্গা ও লেবাননের সহায়তা ধীরে ধীরে তুলে নিতে চেয়েছিলেন তা নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দিনকে উল্লেখ করে বলেন ইউএসএআইডির এ কর্মকর্তা বলেছিলেন, এতে (খসড়ায়) অবিলম্বে আমরা কী কী সুপারিশ পাঠাতে পারি তার রূপরেখার মাধ্যমে এই সংকেত থাকবে যে আমাদের সহানুভূতি থাকলেও ৫ নভেম্বর লোকজন সতর্কবার্তা পেয়েছে, এবং এ কারণে অনেককিছুই বদলে যাবে। এই নির্ভরতা কমানোর সর্বোত্তম পদ্ধতি ও সময়সীমা এবং তাদের কিংবা অন্যান্য অংশীদারদের কাছ থেকে আমরা কী চাইতে পারি, তা প্রস্তাব করুন। আমাদের কোনো বাধ্যবাধকতা নেই।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ইমেইলটির প্রেরক ও প্রাপক, মারক্কো ও মেইজবার্গারের কাছে মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের দিক সাড়া পায়নি রয়টার্স।মারক্কো যে মেমোটি বানাতে বলেছিলেন, মেইজবার্গ সেটি রুবিওকে পাঠিয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

মারক্কো এমন এক সময় এই ইমেইলটি পাঠিয়েছিলেন যখন তিনি ও ধনকুবের ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) ইউএসএআইডিকে যত সম্ভব ছোট করে আনা এবং অবশিষ্টাংশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জুড়ে দেওয়ার অভিযানে ছিলেন।

এরই মধ্যে তারা হাজারো কর্মী ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বরখাস্ত করেছেন এবং শত শত কোটি ডলারের সহায়তা বন্ধ করে দিয়েছেন, যার ওপর বিশ্বের কোটি কোটি মানুষ নির্ভরশীল ছিল।

এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে বেশি সহায়তাকারী দেশ যুক্তরাষ্ট্রই; ২০১৭ সাল থেকে এ পর্যন্ত তারা রোহিঙ্গাদের সহায়তায় প্রায় ২৪০ কোটি ডলার দিয়েছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে দেখা যাচ্ছে।

বাংলাদেশের বাইরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড ও অন্যত্রও কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension