
ট্রাম্পের ১০০ দিন: কাজ নিয়ে যা বলছেন মার্কিনরা
যুক্তরাষ্ট্রের ৪৪ শতাংশ মানুষ মনে করেন, প্রথম ১০০ দিনে ডোনাল্ড ট্রাম্প ভুল বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছেন। রিপাবলিকানরা বলছেন, ট্রাম্প প্রত্যাশা পূরণ করেছেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর আগামী ৩০ এপ্রিল ১০০ দিন পূর্ণ করবেন ট্রাম্প।
গত সপ্তাহান্তে নর্ক সেন্টারের পাবলিক অ্যাফেয়ার্সের গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস।
সেখানেই অনেক মানুষ জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে দেশের অভ্যন্তরীণ অবস্থা, অভিবাসন ও বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৫০ শতাংশের মতে, দ্বিতীয় দফায় ট্রাম্প অত্যন্ত খারাপ প্রেসিডেন্ট। ১০ জনের মধ্যে দুই জন মনে করেন, ট্রাম্প গড়পড়তা প্রশাসক এবং ১০ জনের মধ্যে তিনজনের মতে, তিনি ভালো প্রশাসক।
ট্রাম্পের অগ্রাধিকার নিয়ে এ ছাড়া প্রায় ৪৪ শতাংশ যুক্তরাষ্ট্রবাসীর মতে ট্রাম্প ভুল ইস্যুকে অগ্রাধিকার দিচ্ছেন।
২৪ শতাংশর মতে ট্রাম্প সঠিক পথে চলছেন। ১০ জনের মধ্যে দুজন মনে করেন ট্রাম্পের অগ্রাধিকারে সমপরিমাণ ভুল ও সঠিক সিদ্ধান্তও রয়েছে।
ট্রাম্প প্রশাসনে অখুশি ডেমোক্র্যাটরা
স্বাভাবিকভাবেই, রিপাবলিকান ভোটারদের তুলনায় ডেমোক্র্যাটরা ট্রাম্পের কর্মপদ্ধতিতে অখুশি। তবে ২০ জানুয়ারির পর সেই পার্থক্য আরো বেড়েছে।
প্রায় ৭৫ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক মনে করেন, ট্রাম্প ভুল বিষয়ে মন দিচ্ছেন।
এই সমীক্ষার মতে, রিপাবলিকানরা ট্রাম্পকে নিয়ে মোটের ওপর খুশি। তবে ট্রাম্পের অগ্রাধিকার নিয়ে তাদের মধ্যেও অনিশ্চয়তা আছে। ২৬ শতাংশ রিপাবলিকান মনে করেন, ট্রাম্পের নীতিতে সামঞ্জস্য আছে।
অভিবাসন ট্রাম্পের সব থেকে শক্তিশালী নীতির একটি।
সমীক্ষা বলছে বাণিজ্য, অর্থনীতি বা পররাষ্ট্রনীতির তুলনায় তার অভিবাসননীতি অনেক বেশি গ্রহণীয় বলে মনে করা হয়েছে।
অন্যদিকে, নিউইয়র্ক টাইমস/ সিয়েনা কলেজের সমীক্ষা অনুযায়ী, প্রায় ৫০ শতাংশের মতে ট্রাম্প তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করছেন। প্রেসিডেন্টের পক্ষে ৪২ শতাংশ ও বিরুদ্ধে ৫৪ শতাংশ মানুষ ভোট দিয়েছেন এই সমীক্ষায়।
এই সমীক্ষায় অংশগ্রহণকারী ৬৬ শতাংশ মানুষ ট্রাম্পের দ্বিতীয় দফাকে ‘বিশৃঙ্খল’ বলে দাবি করেছেন। প্রায় ৫৯ শতাংশ একে ‘ভয়াবহ’ বলে মনে করেছেন। অন্যদিকে ৪২ শতাংশ একে ‘উত্তেজনাপূর্ণ’ বলে মনে করেছেন।



