বাংলাদেশ

১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে জাপান, হতে পারে ৫ সমঝোতা ও চুক্তি

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ মে মঙ্গলবার দিবাগত রাতে জাপান সফরে যাওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। তার সফরে বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। এ ছাড়া দেশটির সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে বলেও জানা গেছে, যার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিষয়ক একটি চুক্তিও রয়েছে।

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে কিছুটা ‘শঙ্কা’ তৈরি হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরটি হবে বলেই তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সফরটির সমন্বয় করছেন বলে জানা গেছে।

সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ মে (মঙ্গলবার) দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি আগামী ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। পরদিন ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস। দুই শীর্ষ নেতার বৈঠকের পর পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে, যার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে একটি চুক্তিও রয়েছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, জ্বালানি, বিডার সক্ষমতা বৃদ্ধি, জনশক্তি রপ্তানিসহ আরও এক‌টি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে।

এ ছাড়া সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান।

জানা গেছে, টোকিও সফরকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা একটি বিজনেস সেমিনারে অংশ নেবেন, সেখানে তিনি জাপান থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানাবেন।

সম্প্রতি জাপানের টোকিওতে বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা ‘ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার টোকিও সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এফওসিতে জাপান থেকে আরও অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) ঋণ, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। আলোচনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার প্রসঙ্গ তোলে জাপান। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে চুক্তির কথাও উল্লেখ করে জাপান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension