
এশিয়া কাপের আমেজ স্পর্শ করেনি আবুধাবিকে
রিসিপশন লাউঞ্জের সামনে সারি দিয়ে দাঁড়ানো ড্রাইভারদের হাতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম। শেখ জায়েদ বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারেও তাদের ঘিরে ব্যস্ততা। জানা গেল ইতিহাদের যে ফ্লাইটটি মাত্রই লন্ডন থেকে ল্যান্ড করেছে সেখানে বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা এসেছেন। আমিরাতের রাজধানীতে আজ থেকে শুরু হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক রিয়েল স্টেট এন্ড ইনভেস্টম্যান শো’– তা নিয়েই ব্যস্ত এখন আবুধাবি। পরের সপ্তাহে আবার ইন্টারন্যাশনাল হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সিবিশন’– হোটেল গুলোর বুকিংয়েও রেট বাড়িয়ে দেওয়া হয়েছে সেই শো’র জন্য। এতসবের ভিড়ে ক্রিকেটের এশিয়া কাপ একেবারেই স্পর্শ করেনি আবুধাবিকে।
তারপরও আবার যে সব এশিয়ান ক্রিকেটের টুকটাক খোঁজ রাখেন তাদের চোখ আবার পরে আছে দুবাইয়ে। ওই শহরেই যে ভারত–পাকিস্তান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দুই ‘বাণিজ্য লক্ষী’!
দুবাইয়ের বাইরে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কাকে পাঠানো হয়েছে আবুধাবির মতো শহরকে কমিউনিটি সেন্টার বানিয়ে। তাই গতকাল বাংলাদেশ–হংকং ম্যাচে হৃদয়ের রান নেওয়ার মতোই গ্যালারির স্ট্রাইক রেটও ছিল একশোর নিচে!
আবুধাবির ভূমিপুত্ররা না হয় ব্যবসা বাণিজ্য নিয়ে পরে থাকতেই ভালোবাসে। কিন্তু এখানেও তো বাংলাদেশি রেস্টুরেন্টে ইলিশ ভাজা পাওয়া যায়, বাংলাদেশিদের ক্রিকেট আবেগ তাহলে পাওয়া যাচ্ছে না কেন? উত্তর দিতে গিয়ে প্রবাসী উবার চালক পাল্টা জিজ্ঞাসা করলেন–‘দেশের রাজনীতির খবর কি?’
প্রায় কুড়ি বছর ধরে আজমানে থাকা চট্টগ্রামের ইকলাস শোনালেন তার কৌতূহলের কথা। আশুগঞ্জের মতো আবুধাবিতেও বাংলাদেশিরা একসঙ্গে হলে দেশের হালচাল নিয়েই আড্ডা হয়। সেখানে ক্রিকেট অনেকটাই পিছিয়ে পড়েছে।
এমনিতে আমিরাতের দুই শহর দুবাই আর শারজাহ থেকে আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের ভিড় কম।
তাছাড়া যেহেতু এই শহরে লিটনদের ম্যাচ পড়েছে তিনটি, সেহেতু হংকংয়ের চেয়ে কাল শ্রীলঙ্কা কিংবা পরে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দেখার চিন্তা আছে কারো কারো।
তবে গতকাল হংকংকে বাগে পেয়েও যেভাবে অল্পতে ছেড়ে দিল তাওহীদ হৃদয়রা, তারপর প্রবাসীদের মধ্যে বাকি দুটো ম্যাচের পারদ খুব একটা চড়বে বলে মনে হচ্ছে না। শহরে এশিয়া কাপ নিয়ে যা একটু চায়ের চুমুক–তা ওই আফগান মোটর গ্যারেজ গুলোতেই। অন্তত ওমরজাইরা হংকংয়ের সঙ্গে যেভাবে কুংফু কারাতের মতো খেলেছে–তা নিয়ে কাবুলিওয়ালার দেশের মানুষরা বেশ খুশি। আবুধাবির এশিয়া কাপের ব্লকবাস্টার তাই হতে পারে বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচটিই।



