খেলা

‘আমাদের এভাবেই খেলতে হবে’

ভিন্ন দুই প্রতিযোগিতায় খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে হারের পর, আলাভেসের বিপক্ষে যেভাবে নিজেরা ঘুরে দাঁড়াতে পেরেছে, তাতে সন্তুষ্ট ফের্মিন লোপেস। লক্ষ্যে এগিয়ে যেতে এভাবেই খেলে যেতে হবে, মনে করেন বার্সেলোনার এই মিডফিল্ডার।

চার দিনের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ৪-২ ও লা লিগায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। এই দুই ম্যাচের আগে দুর্দান্ত গতিতে ছুটছিল তারা, প্রতিপক্ষকে প্রায় প্রতি ম্যাচেই ভাসাচ্ছিল গোলবন্যায়।

হঠাৎ ওভাবে পথচ্যুত হওয়ার ধাক্কা সয়ে, শনিবার কাম্প নউয়ে আলাভেসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই চারটি গোল করে নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। পরে ম্যাচটি ৬-১ গোলে জিতে তারা। লামিন ইয়ামাল ও হাফিনিয়া করেন দুটি করে গোল, একবার করে জালের দেখা পান লোপেস ও অ্যান্থনি গর্ডন।

দাপুটে পারফরম্যান্সে জয়ের পথে ফিরে, ম্যাচের পর নিজের ও দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন লোপেস।

“কাম্প নউয়ে সমর্থকদের সামনে ঘুরে দাঁড়ানোর চেয়ে ভালো কিছু আর হয় না। আমার মনে হয়, আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। আমরা ছন্দ খুঁজে পেয়েছি এবং এভাবেই আমাদের খেলে যেতে হবে।

“আমরা জানতাম, তারা নিচে নেমে (রক্ষণাত্মক) খেলবে, মাঝমাঠে আমাদের পাস দেওয়ার জায়গা বন্ধ করার চেষ্টা করবে। তবে আমরা শুরুতেই গোল করি, আর এটা লড়াইটাকে একটু বেশি উন্মুক্ত করে দেয় এবং আমাদের এভাবে খেলার সুযোগ করে দেয়।”

শনিবারেই প্রথম ম্যাচে, লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে আতলেতিকো মাদ্রিদ। দারুণ জয়ে কয়েক ঘন্টা পরই শীর্ষে ফেরে গত দুই আসরের চ্যাম্পিয়নরা।

১১ ম্যাচে ১০ জয়ে বার্সেলোনার ৩০ পয়েন্ট। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে ফের দুই নম্বরে নেমে গেছে আতলেতিকো মাদ্রিদ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension