প্রধান খবরবাংলাদেশরাজনীতি

এবি পার্টি থেকে জামায়াতে ফিরলেন ৪০ নেতাকর্মী

পাঁচ বছর আগে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দিয়েছিলেন জামায়াতের সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ৪০ জন নেতাকর্মী। বৃহস্পতিবার আবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে ফিরে আসেন তারা। এ সময় ছাত্রদলের বিরামপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীরও তাদের সঙ্গে জামায়াতে যোগ দেন।

গতকাল রাত ৮টায় বিরামপুরের ধানহাটি মোড়ে নিজেদের দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার আয়োজনে এক অনুষ্ঠানে তারা জামায়াতে যোগ দেন। জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলামের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ও জেলা শাখার আমির আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিশে শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম, বিরামপুর পৌর শাখার আমির মামুনুর রশীদ ও সেক্রেটারি শাহীনুর ইসলাম।

ফিরে আসা মেহেদী হাসান চৌধুরী ২০২০ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। তিনি এবি পার্টিতে যোগ দিয়ে, সর্বশেষ দলটির কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন। বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন।

যোগদান অনুষ্ঠানে মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগের দুঃশাসনকালে আমি সরকার ও তাদের পুলিশ বাহিনীর মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলাম। সে সময় জামায়াতে ইসলামীর কিছু নেতার সঙ্গে আমার মনোমালিন্য হলে আমি এবি পার্টিতে যোগ দিই। আমি যে চেতনা নিয়ে এবি পার্টিতে গিয়েছিলাম তা সেখানে দেখতে পাইনি। বর্তমানে জামায়াতে ইসলামীর কার্যক্রম ও আদর্শ আমাকে মুগ্ধ করেছে। এ জন্য এবি পার্টির ৪০ জন নেতাকর্মীকে নিয়ে আবারও জামায়াতে যোগদান করলাম।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension