যুক্তরাষ্ট্র

‘আমার গান ব্যবহার করবেন না’: হোয়াইট হাউসকে আরিয়ানা গ্রান্দে

হোয়াইট হাউসের তৈরি একটি প্রচারণামূলক ভিডিওতে নিজের গান জুড়ে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্দে। আমেরিকার অভিবাসন নীতির সমর্থনে তৈরি ওই ভিডিওতে তার গান ব্যবহারের প্রতিবাদ জানিয়ে সেটি অবিলম্বে বন্ধ করার দাবি তুলেছেন তিনি। হোয়াইট হাউসের এই কাণ্ডকে ‘বর্বর ও জঘন্য’ বলেও আখ্যা দিয়েছেন এই গায়িকা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত সোমবার টিকটকে হোয়াইট হাউসের শেয়ার করা রিলে দেখা যায়, মার্কিন সীমান্ত রক্ষী বাহিনী অবৈধ অভিবাসীদের হাতে হাতকড়া পরাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ

আর সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে ২০২৪ সালে মুক্তি পাওয়া আরিয়ানা গ্রান্দের জনপ্রিয় গান ‘বাই’। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, বাই-বাই… প্রেসিডেন্ট ট্রাম্প ইতিহাসের সবচেয়ে নিরাপদ সীমান্ত উপহার দিয়েছেন। এই ভিডিওটি নজরে আসতেই আরিয়ানা গ্রান্দে পোস্টের নিচে মন্তব্য করে বসেন। তিনি লেখেন, দয়া করে এই বর্বর, অমানবিক ও জঘন্য ফালতু কাজের সঙ্গে আমার গান ব্যবহার করবেন না। হোয়াইট হাউসের পাল্টা জবাব: আরিয়ানার এমন মন্তব্যের পর চুপ থাকেনি হোয়াইট হাউসও। মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন পাল্টা তোপ দেগে বলেন, আসলে বর্বর, অমানবিক এবং জঘন্য হলো সেইসব অপরাধী অবৈধ অনুপ্রবেশকারীরা, যারা নিরীহ আমেরিকান নাগরিকদের আহত ও হত্যা করেছে। ট্রাম্প তার মেয়াদের বাকি আড়াই বছরের জন্য অভিবাসন সংস্থাগুলোর পেছনে ৭০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়নের একটি বিলে স্বাক্ষর করার পরপরই হোয়াইট হাউস এই ভিডিওটি প্রকাশ করে। ভিডিওতে সীমান্ত কর্মকর্তাদের কঠোরভাবে অভিবাসীদের আটক করে ডিটেনশন সেন্টারে নিয়ে যেতে দেখা যায়। আরিয়ানা গ্রান্দে ক্ষোভ প্রকাশের পর পরই হোয়াইট হাউসের পক্ষ থেকে ওই ভিডিওর সাউন্ড বন্ধ করে দেওয়া হয় এবং আরিয়ানার মন্তব্যটি মুছে ফেলা হয়।

তবে বিষয়টি সাধারণ ব্যবহারকারীদের চোখ এড়ায়নি। অনেকেই এরপর পোস্টের নিচে মন্তব্য করে বলতে থাকেন যে, আরিয়ানার কমেন্টটি গায়েব করে দেওয়া হয়েছে এবং ভিডিওর অডিও বন্ধ করা হয়েছে। ডনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ও প্রশাসনিক প্রচারণায় অনুমতি ছাড়া গান ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়া তারকাদের তালিকায় আরিয়ানাই প্রথম নন, এর আগে এই তালিকায় যুক্ত হয়েছেন আরও অনেক বড় বড় শিল্পী। গত বছর আরেক পপ তারকা সাবরিনা কার্পেন্টারও তার গান মার্কিন সীমান্ত বাহিনীর অভিযানে ব্যবহার করায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, আপনাদের অমানবিক এজেন্ডা বাস্তবায়নে আমাকে বা আমার গানকে জড়াবেন না। এছাড়া ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময়ও পপ তারকা বিয়ন্সে, সেলিন ডিওন এবং বিখ্যাত ব্যান্ড ‘আব্বা’ ( এবিবিএ) তাদের গান ট্রাম্পের র‌্যালিতে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension