
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত
বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, তারা মিয়া চিহ্নিত চোরাকারবারি ছিলেন
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে কুলাউড়া উপজেলার মুরইছড়া ও আলীনগর সীমান্ত এলাকার বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানটি বাংলাদেশ-ভারত শূন্যরেখা থেকে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তির আব্দুল মালেকের ছেলে।
বিজিবি জানিয়েছে, শনিবার গভীর রাতে কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে ভারতীয় পণ্য আনতে ভারতীয় সীমারেখার ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।
বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, তারা মিয়া চিহ্নিত চোরাকারবারি ছিলেন। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। নিহতের মরদেহ দেশে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।



