
গাজা পুনর্গঠন তদারকিতে সামরিক ঘাঁটি নির্মাণের কাজ পেতে যাচ্ছে আর্কেল
গাজা পুনর্গঠন তদারকিতে প্রাথমিকভাবে মোতায়েন হতে যাওয়া মরক্কোর সেনাদের জন্য অস্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণের কাজ পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা-ভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান আর্কেল ইন্টারন্যাশনাল। এ বিষয়ে অবগত এক সূত্রের বরাতে এমনটা জানিয়েছে দ্য গার্ডিয়ান।
সূত্রটির মতে, যদিও চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি, তবে গাজা পুনর্গঠনের জন্য গঠিত বোর্ড অব পিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো বাস্তবায়নে সহায়তাকারী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (আইএসএফ) জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে কয়েকটি চুক্তি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ট্রাম্প কয়েকদিন আগে দাবি করেন, হামাস নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে। তবে এ পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এদিকে ইসরায়েল এর বিরোধিতা করে গাজায় বিমান হামলা আরো জোরদার করেছে।
গার্ডিয়ানের আগের প্রতিবেদনে বলা হয়েছিল, শুরুতে পুরো গাজা পুনর্গঠনের যে উচ্চাভিলাষী পরিকল্পনা করা হয়েছিল, তা পরে ছোট হয়ে দক্ষিণ গাজার একটি ছোট পরীক্ষামূলক প্রকল্পে সীমাবদ্ধ করা হয়।
জাতিসংঘের প্রস্তাবে গাজার নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হলেও বাহিনীটির আইনগত কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। মরক্কো সীমিতসংখ্যক সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে, তবে তাদের মোতায়েনের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।
এর আগে প্রস্তাবিত পরিকল্পনায় গাজায় প্রায় পাঁচ হাজার সদস্যের একটি বড় সামরিক ঘাঁটি নির্মাণের কথা ছিল। প্রথম ধাপে তাঁবু, খাট, অস্থায়ী টয়লেট ও হাত ধোয়ার ব্যবস্থা রেখে স্বল্পমেয়াদি অবস্থানের উপযোগী অবকাঠামো তৈরির পরিকল্পনা করা হয়েছিল।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। যদিও পরে বোর্ড অব পিস গঠনের চুক্তিতে সে ধরনের সরাসরি নিয়ন্ত্রণের বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি।
বোর্ডের প্রথম বৈঠকে জ্যারেড কুশনার ‘নিউ গাজা’ নামে একটি আধুনিক উপকূলীয় নগরী গড়ে তোলার পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধের ফলে গাজার অন্তত ৮০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং যুদ্ধবিরতির ১০ মাস পরও প্রায় ২০ লাখ বাসিন্দার বেশিরভাগই অস্থায়ী ও অস্বাস্থ্যকর আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।



