
‘মোদী-অম্বানি মিলে সেনার উপরেই সার্জিক্যাল স্ট্রাইক করেছেন’
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রধানমন্ত্রী আর অম্বানি মিলে দেশের সেনাবাহিনীর উপরেই রাফায়েল দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন৷ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ টুইটে এমন মন্তব্য করতেই দেশজুড়ে ছড়িয়েছে শোরগোল৷ রাফায়েল বিমান কেনার বিষয়ে একের পর এক বিতর্কে সরকার তথৈবচ৷
শুক্রবার ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলান্দের একটি সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। সেখানে জানা যায়, মোদী সরকারই রিলায়েন্সের সঙ্গে চুক্তি করার কথা বলেছিল ফ্রান্সকে। এতে ফ্রান্সের কোনও হাত ছিল না। অথচ কেন্দ্রীয় সরকার বারবার দাবি করেছে যে, এই চুক্তিতে সরকারের কোনও হাত নেই। ওলান্দের সাক্ষাৎকারের পর রাফায়েল চুক্তি ঘিরে সরগরম পরিস্থিতি৷
এমনই পরিস্থিতিতে ফের একবার এই চুক্তি ঘিরে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন রাহুল গান্ধী৷ তিনি বলেন, এক লক্ষ ৩০ হাজার কোটি টাকার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে৷ এই হামলা হয়েছে দেশের সেনার উপরেই৷ এতে জড়িত মোদী ও অম্বানি। প্রধানমন্ত্রী খোদ দেশের সেনাকে অপমান করেছেন৷
আগেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাফায়েল ডিল নিয়ে সরব হয়েছিলেন। এবার তিনি আবারও মোদীর দিকে আঙুল তুলে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নিজে গোপনে রাফায়েল ডিলে পরিবর্তন করেছেন। ফ্রাসোয়াঁ ওলান্দেকে ধন্যবাদ। আমরা জানি কীভাবে দেউলিয়া হয়ে যাওয়া অনিল অম্বানির হাতে এই ডিল তুলে দেন। এইভাবে প্রধানমন্ত্রী ভারতকে অপমান করেছেন। আমাদের সেনাবাহিনীর রক্তকে অপমান করেছেন।”



