আন্তর্জাতিক

নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই

ইহুদি ভোটারদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। যদিও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তার ডানপন্থি জোট। বুধবার ভোট গণনার প্রায় ৮৬ শতাংশ শেষ হওয়ার পর দেশটির তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে এমন চিত্র উঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ১২০ আসনের নেসেটে বা ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থি, অতি-ডানপন্থি এবং আল্ট্রা-অরথোডক্স জোট ৫৩টি আসনে জয় পেতে যাচ্ছে। বিপরীতে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের বিরোধী জোট পাচ্ছে ৪৮টি আসন। অন্যদিকে আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো পেতে পারে রেকর্ড ১৯টি আসন। তবে আরব দলগুলোর বড় ধরনের সমর্থন ছাড়া আইজেনকোটের ক্ষমতায় আসার বাস্তব কোনও পথ নেই; যা অনেক ইহুদি রাজনৈতিক নেতাই প্রত্যাখ্যান করে থাকেন।

ভোট গণনা অব্যাহত থাকায় ফল পরিবর্তন হতে পারে। তবে মধ্য-বাম থেকে কট্টর ডানপন্থি বিরোধী জোট আইজেনকোটের ফলাফল নির্বাচনের আগের জরিপগুলোর তুলনায় বেশ খারাপ হয়েছে।

নতুন জোট গঠনের আলোচনা চলাকালে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে আগামী বছর আরেকটি নির্বাচন না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের কিছু সীমাবদ্ধতা থাকলেও ইরানের সঙ্গে যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকবে।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি বলেন, আনুষ্ঠানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নিয়মিত সরকারের সমান। তবে কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কম থাকে এবং সংযম দেখানোর বাধ্যবাধকতা রয়েছে।

বুধবার রাত ৩টার পর নিজের লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন নেতানিয়াহু। এ সময় তিনি ‘শক্তিশালী ডানপন্থি জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানান। ইসরায়েলের সামরিক সাফল্যের কথা তুলে ধরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের বিরুদ্ধে আবারও যৌথ সামরিক অভিযানের সম্ভাবনার কথা বলেন। নেতানিয়াহু জানান, ইরানের হুমকি ‘চিরতরে’ দূর করার ক্ষেত্রে দুই দেশের সামনে ‘ঐতিহাসিক এক অনন্য সুযোগ’ রয়েছে।

এর আগে ইসরায়েলি ভোটারদের নেতানিয়াহুকে ক্ষমতায় রাখার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। ইরানে ‘কাজ শেষ করতে’ দুই নেতার একসঙ্গে কাজ করার কথাও বলেছিলেন তিনি। বুধবার ট্রাম্প বলেন, নেতানিয়াহু ‘খুব ভালো করেছেন’। নিজের সমর্থন নেতানিয়াহুকে ‘অনেক সাহায্য করেছে’ বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে আইজেনকোট স্বীকার করেছেন যে নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে থেকে যাচ্ছেন, তবে তিনি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে নিরাপত্তা পরিস্থিতি ব্যবহার করতে পারেন। তিনি বলেন, আমি নিরাপত্তা সংস্থা ও বেসামরিক প্রশাসনের প্রধানদের আহ্বান জানাচ্ছি: নেতানিয়াহু কোনও ম্যান্ডেট বা জনগণের বিশ্বাস ছাড়া একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। তাকে চ্যালেঞ্জ করার যেকোনও চেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension