
নিউইয়র্কে রিয়েল এস্টেট ব্রোকারের বিরুদ্ধে নতুন অভিযোগ, অপরাধের তথ্য গোপন করে লাইসেন্স নবায়নের চেষ্টা!
ওয়েস্টচেস্টারে দুই অপরাধে দোষ স্বীকার, ব্রঙ্কসে ১৮টি অভিযোগ; স্থগিত ব্রোকার লাইসেন্স
হোসনেআরা চৌধুরী | নিউইয়র্ক
অপরাধের ইতিহাস ও চলমান মামলার তথ্য গোপন করে রিয়েল এস্টেট ব্রোকারের লাইসেন্স নবায়নের আবেদন করার অভিযোগে নিউইয়র্কে এক নারী রিয়েল এস্টেট ব্যবসায়ীকে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়েছে। মার্সিয়া ক্যাম্পবেল (৬৪) নামের ওই ব্রোকার ব্রঙ্কসভিত্তিক এক্সট্রিম রিয়েলটি অ্যাসোসিয়েটস ইনকরপোরেটেড পরিচালনা করেন।
নিউইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস গত ১৯ নভেম্বর ২০২৬ এ গ্রেপ্তার ও নতুন অভিযোগের বিষয়টি ঘোষণা করেন। অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের জুনে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব স্টেটের কাছে ব্রোকার লাইসেন্স নবায়নের আবেদন করার সময় ক্যাম্পবেল দাবি করেন, আগের লাইসেন্স মেয়াদে তিনি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগও চলমান ছিল না।
কিন্তু প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ওই সময়ের মধ্যেই ওয়েস্টচেস্টার কাউন্টিতে দুটি গুরুতর অপরাধে তিনি দোষ স্বীকার করেছিলেন। পাশাপাশি ব্রঙ্কস কাউন্টিতে তার বিরুদ্ধে ১৮টি ফৌজদারি অভিযোগ বিচারাধীন ছিল। এসব তথ্য গোপন করে লাইসেন্স নবায়নের আবেদন করায় তার বিরুদ্ধে সরকারি নথিতে মিথ্যা তথ্য দাখিল এবং শাস্তিযোগ্য মিথ্যা লিখিত বিবৃতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর তার রিয়েল এস্টেট ব্রোকার লাইসেন্স প্রশাসনিকভাবে স্থগিত করা হয়।
মামলার পেছনে রয়েছে একাধিক সম্পত্তি জালিয়াতির অভিযোগ। ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ওয়েস্টচেস্টার কাউন্টিতে তিনটি বাড়ির মালিকানা জালিয়াতি এবং প্রায় ২০ লাখ ডলারের ঋণ জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট পৃথক দুটি মামলায় ক্যাম্পবেল প্রথম ডিগ্রির ব্যবসায়িক নথি জালিয়াতি এবং করপোরেট কর জমা দিতে বারবার ব্যর্থ হওয়ার অভিযোগে দোষ স্বীকার করেন। ওই মামলাগুলোতে তাকে ইতোমধ্যে কারাভোগ করা সময়ের সমপরিমাণ সাজা দেওয়া হয়।
অন্যদিকে, ব্রঙ্কসে এক নারীর পৈতৃক বাড়ি জাল নথির মাধ্যমে একটি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের নামে হস্তান্তর এবং ওই সম্পত্তির বিপরীতে ৪ লাখ ৯৩ হাজার ৫০০ ডলারের বন্ধকী ঋণ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মামলার তথ্য অনুযায়ী, বাড়ির মালিকের স্বাক্ষর জাল করে সম্পত্তির মালিকানা হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তার বিচার ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা।
এ ছাড়া প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহী ব্যক্তি, অভিবাসী এবং অন্যান্য গ্রাহকদের ভুয়া রিয়েল এস্টেট বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ২ লাখ ৫০ হাজার ডলারের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পৃথক মামলাও রয়েছে। এসব অভিযোগের বিচার শুরুর তারিখ এখনো নির্ধারিত হয়নি।
নতুন মামলায় ক্যাম্পবেলের বিরুদ্ধে একটি ক্লাস-ই অপরাধমূলক অভিযোগ এবং একটি ক্লাস-এ মিসডিমিনর অভিযোগ আনা হয়েছে। নতুন অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, নিউইয়র্কবাসী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত—বাড়ি কেনাবেচার ক্ষেত্রে লাইসেন্সধারী রিয়েল এস্টেট ব্রোকারদের ওপর আস্থা রাখেন। ক্যাম্পবেল সেই আস্থার অপব্যবহার করেছেন এবং নিজের অপরাধের তথ্য গোপন করে লাইসেন্স ধরে রাখার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।
ব্রঙ্কস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডার্সেল ক্লার্কও বলেন, যাদের কাজ পরিবারকে বাড়ি খুঁজে পেতে সহায়তা করা, তাদের বিরুদ্ধে মানুষের অর্থ ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
ক্যাম্পবেলকে ১৯ নভেম্বর আলবানি কাউন্টি সুপ্রিম কোর্টে বিচারপতি আন্দ্রা অ্যাকারম্যানের সামনে হাজির করা হয়।
নিউইয়র্কের বাড়ির মালিক, সম্ভাব্য ক্রেতা ও অভিবাসী কমিউনিটির জন্য ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বিশেষ করে সম্পত্তি কেনাবেচা, দলিল হস্তান্তর ও রিয়েল এস্টেট বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, ব্রোকারের লাইসেন্স এবং আইনি নথিপত্র যাচাই করার গুরুত্ব আবারও সামনে এসেছে।
আইনি সতর্কতা: ক্যাম্পবেলের বিরুদ্ধে নতুন অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন।



