
২০৩২ সালের মধ্যে বন্ধ হচ্ছে রাইকার্স কারাগার, পরিকল্পনা ঘোষণা মেয়র মামদানির
নিউইয়র্কের চার বরোতে নির্মিত হবে নতুন কারাগার; বন্দির সংখ্যা কমানো, মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর ওপর গুরুত্ব।
হোসনেআরা চৌধুরী
নিউইয়র্ক সিটির বহুল আলোচিত ও বিতর্কিত রাইকার্স আইল্যান্ড কারাগার ২০৩২ সালের মধ্যে স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি। গত শুক্রবার (২০ নভেম্বর) সিটি হলে এক সংবাদ সম্মেলনে তিনি কারাগারটি বন্ধ করে চারটি বরোতে নতুন ও আধুনিক কারাগার নির্মাণের একটি সমন্বিত পরিকল্পনা তুলে ধরেন।
মেয়রের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ব্রুকলিনে প্রথম নতুন কারাগার চালু হবে ২০২৯ সালে। এরপর ২০৩১ সালে ব্রঙ্কস ও কুইন্সে এবং ২০৩২ সালে ম্যানহাটনে নতুন কারাগার চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ২০৩২ সালের শেষ নাগাদ রাইকার্স আইল্যান্ড থেকে কারাগার কার্যক্রম সম্পূর্ণ সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে রাইকার্সে প্রায় ৬ হাজার ৭০০ বন্দি রয়েছেন। নতুন পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য হলো এই সংখ্যা কমিয়ে ২০৩২ সালের মধ্যে প্রায় ৪ হাজার ১০০-তে নামিয়ে আনা। এ জন্য বিকল্প সাজা, তত্ত্বাবধানে মুক্তি, পুনর্বাসন কর্মসূচি এবং বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মেয়র মামদানি বলেন, রাইকার্স বন্ধের দাবি নিউইয়র্কে কয়েক দশক ধরে উচ্চারিত হচ্ছে। অতীতে এই উদ্যোগ শুরু হলেও বিভিন্ন সময়ে তা বাধাগ্রস্ত হয়েছে। এবার তাঁর প্রশাসন পরিকল্পনাটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
নতুন কারাগারগুলো বিদ্যমান রাইকার্স ব্যবস্থার তুলনায় আদালত, গণপরিবহন ও বন্দিদের পরিবারের কাছাকাছি স্থানে নির্মাণ করা হবে। প্রতিটি স্থাপনায় বন্দিদের জন্য উন্নত আবাসন, ব্যক্তিগত কক্ষ, শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ এবং অন্তত ২০ হাজার বর্গফুট পৃথক কমিউনিটি স্পেস রাখার পরিকল্পনা রয়েছে। কুইন্সের নতুন স্থাপনায় নারী বন্দিদের রাখার ব্যবস্থা করা হবে।
পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো মানসিক স্বাস্থ্য ও চিকিৎসাসেবা সম্প্রসারণ। গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা এবং জটিল শারীরিক অসুস্থতায় আক্রান্ত বন্দিদের জন্য অতিরিক্ত ২৩৬টি থেরাপিউটিক বেড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী অর্থবছরে মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তি নিরাময়, শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ এবং অপরাধের শিকার ব্যক্তিদের সহায়তায় ১৪৬ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে পুলিশ, আদালত, প্রসিকিউটর ও আইনজীবীদের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগও নেওয়া হবে। পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য অনলাইনে জামিনের অর্থ পরিশোধের ব্যবস্থা পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে নিউইয়র্ক সিটি কাউন্সিল রাইকার্স আইল্যান্ড বন্ধ করে চারটি বরোভিত্তিক নতুন কারাগার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। সে অনুযায়ী ২০২৭ সালের মধ্যে কারাগারটি বন্ধ করার আইনি সময়সীমা নির্ধারিত ছিল। তবে নির্মাণকাজের বিলম্ব ও বন্দির সংখ্যা কমানোর চ্যালেঞ্জের কারণে সেই সময়সীমা আর বাস্তবসম্মত নয় বলে মামদানি প্রশাসন জানিয়েছে। নতুন সময়সীমা কার্যকর করতে সিটি কাউন্সিলের আইনগত পরিবর্তনও প্রয়োজন হবে।
রাইকার্স আইল্যান্ড দীর্ঘদিন ধরে সহিংসতা, অতিরিক্ত বন্দি, নিরাপত্তাহীনতা এবং বন্দিদের মৃত্যুর ঘটনায় সমালোচিত। কারাগারের পরিস্থিতির উন্নয়নে ফেডারেল আদালতের নির্দেশে বর্তমানে একজন স্বাধীন রেমিডিয়েশন ম্যানেজারও তদারকির দায়িত্ব পালন করছেন।
রাইকার্স বন্ধের পরিকল্পনা বাস্তবায়িত হলে নিউইয়র্কের কারাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। তবে নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ করা, বন্দির সংখ্যা কমানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন ব্যবস্থার কার্যকারিতা প্রতিষ্ঠা করাই হবে এই উদ্যোগের প্রধান চ্যালেঞ্জ।



