খেলা

ভারতে জার্মানি-আর্জেন্টিনার ম্যাচে আম্পায়ার বাংলাদেশের শাহবাজ

আন্তর্জাতিক হকিতে দলীয় সাফল্যে খুব বেশি এগোতে পারেনি বাংলাদেশ। তবে আম্পায়ারিংয়ে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন দেশের প্রতিনিধিরা। এবার হকির মর্যাদাপূর্ণ এফআইএইচ প্রো লিগে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছেন বাংলাদেশের শাহবাজ আলী। আগামী ফেব্রুয়ারিতে ভারতের রাজগিরে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার একটি পর্বে দায়িত্ব পালন করবেন তিনি। সেখানে মুখোমুখি হবে স্বাগতিক ভারত, জার্মানি ও আর্জেন্টিনা।

আগামী ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি রাজগিরে অনুষ্ঠিত হবে প্রো লিগের এই পর্ব। ম্যাচগুলো পরিচালনার জন্য শাহবাজের সঙ্গে নির্বাচিত হয়েছেন নেদারল্যান্ডস, মালয়েশিয়া ও আর্জেন্টিনার আম্পায়াররা।

এমন মর্যাদাপূর্ণ আসরে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শাহবাজ। তিনি বলেছেন, ‘অলিম্পিক ও বিশ্বকাপের পরই হকির এই লিগের অবস্থান। বাংলাদেশের হকির জন্য দারুণ বিষয়, একজন বাংলাদেশি আম্পায়ার সেখানে দায়িত্ব পালন করবেন। এই টুর্নামেন্টে কোনও ড্র নেই, জয়-পরাজয়ের নিষ্পত্তি হতেই হবে। এখানে আম্পায়ারিং করার সুযোগ পেয়ে আমি অনেক খুশি। নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবো।’

প্রো লিগের ম্যাচগুলো হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ নয়টি দল তিন গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। এই লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে অলিম্পিকে জায়গা করে নিতে হবে বাছাইপর্ব পেরিয়ে।

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের আম্পায়ারিংয়ের সাফল্যের ইতিহাসও রয়েছে। নব্বইয়ের দশকে আসলাম ওমর বেলিম এবং পরবর্তী সময়ে সেলিম লাকী আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে আম্পায়ারিং করেছেন। তাঁদের পর সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন শাহবাজ আলী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension