
ভারতে কোনো অবৈধ বাংলাদেশি নেই: প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ডেস্কঃ ভারতে কোন অবৈধ বাংলাদেশি থাকার খবর ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের খবর উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এটা তাদের পলিটিক্স।’ স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমি তো মনে করি না যে, আমাদের কোনো অবৈধ বাংলাদেশি সেখানে আছে। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট মজবুত; তারা সেখানে গিয়ে কেন অবৈধ হবে? সেখানে অবৈধ বাংলাদেশি থাকার তথ্য ভিত্তিহীন। এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়।
বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে তার কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী বলেছেন কাউকে ফেরত পাঠানোর চিন্তা তাদের নেই। ঋণ খেলাপির সংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেছিলেন সেনাশাসক জিয়াউর রহমান। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে ভয়েস অব আমেরিকা প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়। প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারে দেশের নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, উন্নয়ন, বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক এসব বিষয় উঠে আসে।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় ৬ হাজারের মতো নির্বাচন হয়েছে। আমরা এখানে দেখেছি, মানুষের মাঝে সাংঘাতিক একটা উৎসাহ। মানুষ ভোট দিতে যায়, পছন্দের মানুষকে সরকার হিসেবে নির্বাচন করতে পারছে, তারা গর্ব বোধ করে তারা ভোট দিতে পারবে। তিনটা সিটি নির্বাচনের দুটোতে আওয়ামী জিতেছে একটিতে বিএনপি এতে তো পরিষ্কার হয়ে যায়, সুন্দর একটি নির্বাচন পরিবেশ রয়েছে। আগামী নির্বাচন হবে।’
এছাড়াও সাক্ষাতকারে রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ সবসময় পাশে ছিল বলেই রোহিঙ্গা সংকটের মত এত বড় একটি সমস্যা মোকাবেলা করা গেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের থেকে আমি অবৈধ অভিবাসীদের নিয়ে সাড়া পেয়েছি। বিশেষ করে কক্সবাজারের মানুষগুলো। তাদের সব থেকে বেশি কষ্ট। কারণ তাদের চাষের জমি বলেন, বনভূমি এসব তাদের দিয়ে দিতে হল। মিয়ানমারের সঙ্গে ইতিমধ্যে দুটো চুক্তি করে ফেলেছি। এবং তারা স্বীকার করেছে তাদের নিয়ে যাবে। প্রথমে আমরা কিছু পাঠাবো, তারা কি আচরণ করে সেটা দেখবো, তারপর আরো পাঠাবো।
এসময় ভারতের আসামে নাগরিকত্ব তালিকা প্রণয়ন এবং সেখানে অবৈধ বাংলাদেশি থাকার বিষয়ে দেশটির সরকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ভারতে অবৈধ বাংলাদেশি থাকার বিষয়টি সত্য নয়। বিষয়টি নিয়ে ভারত সরকার এক ধরনের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা বোধহয় ভারতের পলিটিক্স। এটা তাদের নিজস্ব পলিটিক্স, তারা বলছে কিন্তু আমি মনে করি না আমার কোনো অবৈধ বাংলাদেশি সেখানে আশ্রয় নিয়েছে। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট মজবুত। তবে সেখানে গিয়ে কেন অবৈধ হবে?’
এসময় তিনি আরো বলেন, ‘কেউ যদি একথা বলে, তবে সেটা তাদের ব্যাপার। তবে বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলেছি প্রাইম মিনিস্টারের সঙ্গে, তিনি বলেছেন না, তাদেরকে ফেরত পাঠানো বা এমন কোনো চিন্তা তাদের নেই।’
অর্থনৈতিক সমৃদ্ধির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সঠিক পরিকল্পনায় এগিয়ে চলছে বাংলাদেশের অর্থনীতি। জিডিপির প্রবৃদ্ধি আজ সাড়ে ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। দেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যত রকমের সুযোগ দেওয়ার, আমরা তাদের সেক্টরকে দিয়ে দিচ্ছি। তবে কাজ করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো যে কথাগুলো আসে, হ্যাঁ সে সমস্যা হয়তো থাকতে পারে। কিন্তু সেই সমস্যা কি আমার অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারছে? তা তো পারছে না।’



