
ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের পরিকল্পনা ইসির
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ। তিনি আরও বলেছেন, সংশোধিত আরপিও সংসদের চলতি অধিবেশনে না উঠলে, অধ্যাদেশ জারি করে অনুমোদন নেয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে, আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আশা করি আসছে ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তবে ডিসেম্বরের ঠিক কোন সপ্তাহ বা তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হবে তা জানাতে পারেন নি তিনি।
প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী আগামী ৩০ অক্টোবরের পর ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসির আইনি বাধ্যবাধকতা রয়েছে।
আরপিও সংশোধন করার জন্য আইন মন্ত্রণালয় থেকে ভেটিং সম্পন্ন হয়ে তা এখনও মন্ত্রিপরিষদে আছে। চলতি অধিবেশনেই তা পাশ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে যদি তা না হয়, তবে এটি সংসদের অবর্তমানে অধ্যাদেশের মাধ্যমে পাশ হবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম সম্পর্কে তিনি জানান, ইভিএম দিয়ে খুব সহজেই ভোট দেয়া যায়। স্মার্ট কার্ড না থাকলেও জাতিয় পরিচয়পত্রের নম্বর দিয়ে আঙ্গুলের ছাপ দিলেই ভোট দেয়া যাবে। এতে ভোটগ্রহণ কর্মকর্তার অপব্যবহারের সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, ‘অধ্যাদেশের মাধ্যমেও যদি আরপিও সংশোধন হয়, আমরা সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে পারব।’
ইসি সচিব বলেন, পহেলা নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর কমিশনের সভা বসবে। ওই সভা শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।



