
অবসরের এক দশক, দ্বিতীয় ইনিংসে কেমন ‘ব্যাট’ করলেন সৌরভ
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : এক দশক আগে আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ স্মৃতির পাতায় ফিরে গেলে মনে পড়বে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা সেই বিদায়ী মুহূর্ত৷ যেখানে লক্ষণ-হরভজনের কাঁধে চেপে নাগপুরে মাঠ ছাড়ছেন সৌরভ৷ দাদা…দাদা…শব্দব্রহ্মে ফেটে পড়ছিল গ্যালারি৷ ফ্যানেদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘টাইগার নেভার কুইটস৷’
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের শেষদিনের শেষবেলায় সেদিন সৌরভের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন ধোনি৷ ভারতীয় দল থেকে একসময় বাদ পড়তে হয়েছিল ভারতের অন্যতম সফল অধিনায়ককে৷ কিন্তু ‘কামব্যাক’ করে বিদায় বেলায় ফের নেতার মুকুট ফিরে পেয়েছিলেন মহারাজ৷ ২০০৮ এর বিদায়ী সেই দৃশ্য আজ দশ বছর অতিক্রান্ত হল৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও আরও চার বছর খেলেছিলেন আইপিএল৷ বাইশ গজকে গুডবাই জানিয়ে পুরোপুরি ব্যাট তুলে রাখা অবশ্য ২০১৪-তে৷
এই ১০ বছরে পালটেছে অনেক কিছু৷ রাজ্য থেকে কেন্দ্রে সরকার পালটেছে৷ সৌরভ নিজেও পালটেছেন অনেকটাই৷ দ্বিতীয় ইনিংসের সৌরভের প্রথম দশক কেমন গেল একনজরে দেখে নেওয়া যাক:
১)ক্রিকেটার থেকে ক্রিকেট প্রশাসক- ২০১৪ সালের জুলাইয়ে, ক্রিকেট প্রশাসক হিসেবে অভিষেক হয় ‘প্রিন্স অফ ক্যালকাটা’র৷ বাংলার ক্রিকেট প্রশাসনে যুগ্ম-সচিব হন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
২) সিএবি-তে জগমোহন ডালমিয়ার উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট হন সৌরভ৷ ২০১৫ থেকে এখনও পর্যন্ত প্রেসিডেন্টের পদে দারুণ ছন্দে ব্যাট করছেন সৌরভ৷

আরও পড়ুন-অবসর ঘোষণা ভারতীয় বিশ্বকাপারের
৩) আইপিএল অ্যান্ড সৌরভ- আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেও আইপিএলের মঞ্চে পাওয়া গিয়েছে সৌরভকে৷ ২০১২ সালে শেষবার পুনে ওয়ারিয়ার্সের হয়ে আইপিএল খেলেছেন মহারাজ৷ ২০০৮ থেকে মোট পাঁচটি আইপিএল খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন কেকেআর ও পুণ দলকে৷ সব মিলিয়ে ৫৯টি আইপিএল ম্যাচে সাতটি অর্ধশতরান-সহ সৌরভের ঝুলিতে হাজারের বেশি রান রয়েছে৷

৪) শুধু ক্রিকেট নয় ফুটবলের সঙ্গেও যোগাযোগ রয়েছে সৌরভের৷ ২০১৪ ইন্ডিয়ান সুপার লিগের(ISL) কলকাতা ফ্রাঞ্চাইজির মালিক হন মহারাজ৷ যৌথভাবে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা রয়েছে সৌরভের হাতে। তাঁর সঙ্গে মালিকানায় রয়েছে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, উৎসব পারেখরা৷ গত চার বছরে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে সৌরভের এটিকে৷
৫) সফল প্রশাসক- সিএবি প্রশাসক হিসেবে কেরিয়ারের সবচেয়ে বড় দুই ম্যাচ সফলভাবে আয়োজন করেছেন সৌরভ৷ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ এবং বিশ্বকাপ ফাইনাল ম্যাচ আয়োজক হিসেবে লেটার মার্কস নিয়ে পাশ করেন প্রশাসক সৌরভ৷
৬) সিএবি প্রশাসকের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির পদ সামলে চলেছেন সৌরভ৷ সচিন, লক্ষ্মণ ও তাঁর কমিটি টিম ইন্ডিয়ার কোচ হিসেবে অনিল কুম্বলকে বেছে নিয়েছিল৷ কোচ হিসেবে যথেষ্ট সফল ছিলেন জাম্বো৷

৭) শাস্ত্রীর সঙ্গে ঠান্ডা লডা়ই- ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য হিসেবে কুম্বলের উত্তরসূরি হিসেবে কোচ রবি শাস্ত্রীর নির্বাচনও হয়েছিল সৌরভের হাতে৷ ইচ্ছে না-থাকলেও সচিনের পরামর্শে শাস্ত্রীকে বিরাটদের হেডস্যার হিসেবে নিয়োগ করতে বাধ্য হয়েছিলেন সৌরভ৷
৮) প্রশাসকের হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাটিং ভোলেননি মহারাজ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ২০১৬ সালে অলস্টার ক্রিকেট লিগে ব্যাট করছেন সৌরভ৷ মাঠে নেমে পঞ্চাশ রান হাঁকিয়েছিলেন মহারাজ৷




